নজরুলচর্চা বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল মূলত সমন্বয়বাদী লেখক। তিনি সমস্ত ধর্মের মূল সত্য এক জায়গায় এনে প্রকাশ করেছেন। এ সমন্বয় সাধন অত্যন্ত বিরল কাজ। নজরুল গবেষণার মাধ্যমে এ সত্য দিনে দিনে বের হয়ে আসছে। তাই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নজরুলচর্চার কোনো বিকল্প নেই।
ফরিদপুরে অনুষ্ঠিত জাতীয় নজরুল সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে গতকাল রোববার ‘বাংলাদেশে নজরুল: প্রাতিষ্ঠানিক নজরুলচর্চা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত-উল-আলম। বিকেলে শহরের অম্বিকা ময়দানে এ আলোচনা হয়।
মোহীত-উল-আলম বলেন, নজরুল যে সমাজের স্বপ্ন দেখেছেন, সেটা রাজনৈতিকভাবে অনুবাদ করেছেন বঙ্গবন্ধু।
রবীন্দ্রনাথের বিশ্ব দর্শন, নজরুলের বিদ্রোহ সত্তা ও রাজনীতিতে বঙ্গবন্ধুর তা প্রয়োগ—এ তিনের সমন্বয় ঘটাতে পারলে এ দেশের উন্নয়নের গতি কেউ রোধ করতে পারবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য খায়রুল আনাম শাকিল। প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নজরুলচর্চা হচ্ছে, বিভিন্ন শ্রেণির পাঠ্যসূচিতে নজরুলের রচনা অন্তর্ভুক্ত করা হয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান নজরুলগীতি ও তার সঙ্গে নাচও পরিবেশন করছে, নাট্য সংগঠনগুলো নজরুলের কাহিনি নিয়ে নাটক পরিবেশন করছে। তারপরও বলা যায়, প্রাতিষ্ঠানিক নজরুলচর্চা সঠিকভাবে হচ্ছে না। তাই আমাদের নজরুলচর্চা বাড়াতে হবে।’
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষক তালুকদার আনিসুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ফরিদপুরের সভাপতি শওকত আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন নজরুল ইনস্টিটিউটের সচিব মো. আবদুর রহিম।
সমাপনী দিনে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী নয়জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত, একক সংগীত, দলীয় নৃত্য পরিবেশন করেন ঢাকা ও ফরিদপুরের শিল্পীরা।
এ ছাড়া সকালে ‘শুদ্ধ বাণী ও সুরে নজরুলসংগীত প্রশিক্ষণ’ দেন লীনা তাপসী খান, শহীদ কবির পলাশ, ইয়াকুব আলী খান ও সালাউদ্দিন আহমেদ।
নজরুল ইনস্টিটিউট ও ফরিদপুরের জেলা প্রশাসন যৌথভাবে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের আয়োজন করে।