
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা দেবীর জন্মস্থান মানিকগঞ্জের তেওতা গ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় নজরুল সম্মেলন-২০১৫। গতকাল শুক্রবার বিকেলে তেওতা জমিদারবাড়ি প্রাঙ্গণে তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নজরুল ইনস্টিটিউট আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, কাজী নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। নজরুলচর্চার মধ্য দিয়েই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব। যত দিন বাংলাদেশ ও বাংলা ভাষাভাষী থাকবে, তত দিন নজরুলের সৃষ্টি থাকবে।
নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সাংসদ নাঈমুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহিত-উল-আলম, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, কবির নাতনি খিলখিল কাজী, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুস সালাম বক্তব্য দেন।
আসাদুজ্জামান নূর বলেন, নজরুল বিদ্রোহী কবি, প্রেমের কবি, বাঙালির চেতনার এবং মানবতার কবি। তাঁর লেখনী, তাঁর সৃষ্ট বৈচিত্র্যময় সংগীত বাংলা সাহিত্য-সংস্কৃতিকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। বহুমাত্রিক প্রতিভার অধিকারী কবি নজরুল ইসলামের সৃষ্টিকর্ম প্রচার ও চর্চায় তেওতায় এই জাতীয় সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে।
সাংসদ নাঈমুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম মহিউদ্দিন ও আবদুস সালাম তাঁদের বক্তব্যে নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত তেওতা এলাকায় প্রমীলা-নজরুল নামে বিশ্ববিদ্যালয় এবং নজরুল গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানান।
সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিনে শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সংগীত প্রশিক্ষণ, নজরুল কবিতা আবৃত্তি প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া সম্মেলনে দেশবরেণ্য লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক নজরুলের সৃষ্টি নিয়ে আলোচনা করবেন। থাকবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সহধর্মিণী প্রমীলা দেবীর গ্রামের বাড়ি হওয়ায় বিদ্রোহী কবি নজরুল ইসলাম তেওতায় এসেছিলেন বেশ কয়েকবার। এত দিন এই গ্রামে স্থানীয়ভাবে কবি ও তাঁর সহধর্মিণীর স্মরণে স্থানীয়ভাবে নানা কর্মসূচি পালিত হলেও এবারই প্রথমবারের মতো হচ্ছে জাতীয় সম্মেলন। সম্মেলন চলবে কাল রোববার পর্যন্ত। সম্মেলনকে কেন্দ্র করে তেওতা জমিদারবাড়ি প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলাও বসেছে। মেলায় কবির বইয়ের স্টলসহ মনিহারি ও বিভিন্ন খাবারের দোকান রয়েছে।