নজরুলজয়ন্তীতে বিভিন্ন স্থানে নানা আয়োজন
শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সারা দেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুমিল্লা: স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনী, আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে কুমিল্লা জেলা প্রশাসক মো. জামাল হোসাইনের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।চুয়াডাঙ্গা: সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে। এরপর নজরুল মঞ্চে কার্পাসডাঙ্গা নজরুলজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ।ফরিদপুর: বিকেল চারটায় ফরিদপুর নজরুল ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় সাহিত্য পরিষদ কার্যালয়ে এ বি এম সাত্তারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এম এ সামাদ, আ. হামিদ মোল্যা প্রমুখ।সিরাজগঞ্জ: বিকেলে নজরুল একাডেমি সিরাজগঞ্জ শাখার উদ্যোগে পৌর শহরের ভাসানী মিলনায়তনে আয়োজিত দ্বিতীয় ও সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশারফ হোসেন।