
সংস্কারের জন্য চট্টগ্রামের ডিসি হিলের নজরুল মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। এ কারণে ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে ডিসি হিলে অনুষ্ঠান করা যাবে না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁদের দাবি, জেলা প্রশাসন চাইলে নজরুলের জন্মজয়ন্তীর অনুষ্ঠানের পর সংস্কারকাজ শুরু করতে পারত।
তবে জেলা প্রশাসন বলছে, জুনের মধ্যে ডিসি হিলের আধুনিকায়নের কাজ শেষ করতে না পারলে প্রকল্পের টাকা ফেরত যাবে। তাই টাকা পাওয়ার পরপরই সংস্কারকাজ শুরু করতে হয়েছে। ডিসি হিল চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সরকারি বাসভবন।
১৯ বছর ধরে ডিসি হিলে সম্মিলিত নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে আসছে। বাংলা বর্ষবরণ ও বিদায়, রবীন্দ্রজয়ন্তী, বসন্ত উৎসবসহ বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডিসি হিলের আধুনিকায়নে তিন কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। সরকার মে মাসের প্রথম সপ্তাহে এই অর্থ ছাড় দেয়। এরপর ১৬ মে থেকে প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে ডিসির বাসভবনের সামনে ফোয়ারা নির্মাণ করা হবে। পার্কের রাস্তাঘাট সংস্কার করা হবে। এ ছাড়া পার্কের অভ্যন্তরে হাঁটার পথও (ওয়াকওয়ে) বাড়ানো হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম শাখার সদস্যসচিব আহমেদ ইকবাল হায়দার প্রথম আলোকে বলেন, ‘নজরুল মঞ্চ জরাজীর্ণ হয়ে পড়েছে। এর সংস্কার নিয়ে কারও আপত্তি নেই। কিন্তু নজরুলজয়ন্তীর আগে মঞ্চ ভেঙে ফেলার কারণ খুঁজে পাচ্ছি না।’ তিনি জানান, ২৫ মে নজরুলজয়ন্তী উদ্যাপনের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। এর আগেই মঞ্চটি ভেঙে ফেলা হয়েছে। অথচ কোনো সংস্কারকাজ হচ্ছে না। সংস্কারকাজ শুরু করার আগে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে জেলা প্রশাসন আলোচনা করেনি বলেও অভিযোগ করেন তিনি।
ডিসি হিলের সংস্কারকাজের বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে জানান, ডিসি হিলের আধুনিকায়নে তিন কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এই মাসের প্রথম সপ্তাহে সরকার প্রকল্পের টাকা ছাড় দিয়েছে। এখন সাতটি ভাগে সংস্কারকাজ চলছে। জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করতে না পারলে টাকা ফেরত যাবে। তাই টাকা পাওয়ার পরপরই সংস্কারকাজ শুরু করতে হয়েছে। তারপরও জুনের মধ্যে পুরো নির্মাণকাজ শেষ করা যাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।
সংস্কৃতিকর্মীদের সঙ্গে আলোচনা না করে সংস্কারকাজ শুরু করার বিষয়ে মেজবাহ উদ্দিন বলেন, ‘সংস্কারকাজ শুরু করার আগে অনেক সংস্কৃতিকর্মীর সঙ্গে কথা বলেছি। তাঁদের সঙ্গে সভা করেছি। আর প্রত্যেকের সঙ্গে আলাপ-আলোচনা করা সম্ভব না।’ প্রশাসনের উদ্যোগে নজরুলজয়ন্তীর অনুষ্ঠান শিল্পকলা একাডেমীতে করা হবে।
তবে এর আগে ডিসি হিলের উন্নয়ন নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও জেলা প্রশাসন পাল্টাপাল্টি অবস্থান নিয়েছিল। গত বছরের ৫ মার্চ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ডিসি হিল পরিদর্শন করে এর উন্নয়নের দায়িত্ব সিডিএকে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। একই বছরের ২৮ এপ্রিল সিডিএ ডিসি হিলের উন্নয়নে ৬ কোটি ৬৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু ওই বছরের ৬ মে চট্টগ্রাম জেলা প্রশাসন ডিসি হিলে উন্নয়নকাজ বন্ধ রাখতে সিডিএ চেয়ারম্যানকে চিঠি দেন। এরপর ৮ মে সিডিএকে আইনি নোটিশও দেয় জেলা প্রশাসন। এরপর ডিসি হিলের উন্নয়ন কার্যক্রম থেকে সরে আসে সিডিএ।
এদিকে গত শুক্রবার চট্টগ্রামের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা এক যুক্ত বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ১৬ মে জেলা প্রশাসক আকস্মিকভাবে নজরুল মঞ্চটি
ভেঙে দিয়ে এবারের জন্মজয়ন্তী উদ্যাপনের আয়োজনকে পণ্ড করে দিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রামের আহ্বায়ক অধ্যাপক অনুপম সেন, সদস্যসচিব আহমেদ ইকবাল হায়দার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশ, চট্টগ্রাম নৃত্য শিল্পী সংস্থার সভানেত্রী শারমিন হোসেন, চট্টগ্রাম নজরুল শিল্পী সংস্থার সভাপতি মৃণাল ভট্টাচার্য প্রমুখ।