নজরুলময় ছিল দেশের সংস্কৃতি অঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল মেলায় ‘দাও শৌর্য দাও ধৈর্য হে’ গানটি শোনান দেশের প্রথিতযশা শিল্পীরাা l প্রথম আলো
নজরুল মেলায় ‘দাও শৌর্য দাও ধৈর্য হে’ গানটি শোনান দেশের প্রথিতযশা শিল্পীরাা l প্রথম আলো

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি প্রাণঢালা শ্রদ্ধা ও ভালোবাসা জানাল দেশবাসী। গতকাল বৃহস্পতিবার ছিল কবির ১১৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে দেশজুড়েই ছিল বিভিন্ন সংগঠনের আয়োজন।

শিল্পকলা ও শিশু একাডেমীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নজরুলজয়ন্তীতে শিল্পকলা একাডেমি আয়োজন করে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই আয়োজনে মুখ্য আলোচক ছিলেন সংগীতজ্ঞ অধ্যাপক করুণাময় গোস্বামী। আলোচনা শেষে দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন। একক সংগীত পরিবেশন করেন খিলখিল কাজী, সুমন চৌধুরী, শহীদ কবির, বিজন মিস্ত্রি, রেবেকা সুলতানা ও শারমিন সাথী ইসলাম। আবৃত্তি করেন লায়লা আফরোজ ও মাহিদুল ইসলাম।

শিশু একাডেমীর আয়োজনে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মাহমুদা শারমীন বেনু। পরে নজরুলের গান শোনান ফেরদৌস আরা। নজরুলকে নিয়ে কথা বলেন খিলখিল কাজী। এ ছাড়া শিশু একাডেমীর শিশুদের পরিবেশনায় ছিল সংগীত, আবৃত্তি ও নৃত্য।

বাংলা একাডেমি

সকালে নজরুল সমাধিতে ফুল দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় বাংলা একাডেমির নজরুলজয়ন্তীর আয়োজন। বিকেল একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। নির্ধারিত বিষয়ের ওপর একক বক্তৃতা করেন অধ্যাপক এম এম আকাশ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেন বরেণ্য শিল্পী মুস্তাফা জামান আব্বাসী।

ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে একদল শিল্পী l ছবি: প্রথম আলো
ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে একদল শিল্পী l ছবি: প্রথম আলো

আজীবন সম্মাননা পেলেন শাহীন সামাদ

১১৮তম নজরুলজয়ন্তীতে আজীবন সম্মাননায় ভূষিত হলেন স্বাধীন বাংলা বেতারকে ন্দ্রের কণ্ঠযোদ্ধা শাহীন সামাদ। গতকাল বৃহস্পতিবার চ্যানেল আই আয়োজিত ১২তম নজরুল মেলায় তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। এই সংগীতশিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ও সংগীতজ্ঞ আজাদ রহমান। অর্থমূল্যের চেক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং স্মারকপত্র তুলে দেন মেলার পৃষ্ঠপোষক আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার। অতিথিরা ফেরদৌস আরার কণ্ঠে ধারণকৃত নজরুল সংগীত সমগ্র ৭ খণ্ডের অডিও সিডির মোড়ক উন্মোচন করেন। শাহীদ সামাদ ও ফেরদৌস আরা দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন ‘দাও শৌর্য দাও ধৈর্য হে’ গানটি। তারও আগে তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনের চেতনা চত্বরে অস্থায়ী মেলা মঞ্চে বর্ণিল বেলুন আকাশে উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও অংশ নেন সৈয়দ হাসান ইমাম, সৈয়দ আবুল মকসুদ, আজাদ রহমান, খালিদ হোসেন, নাট্যজন ইনামুল হক, সাদিয়া আফরিন মল্লিক প্রমুখ।

ত্রিশালে তিন দিনের অনুষ্ঠান শুরু

ময়মনসিংহ অফিস জানায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে এই অনুষ্ঠান শুরু হয়।

গতকাল বিকেলে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ময়মনসিংহের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ এম আমানউল্লাহ, ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিন, পুলিশের উপমহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। নজরুল স্মারক বক্তৃতা করেন কবি মুহাম্মদ নুরুল হুদা।

নজরুলময় কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লায় আয়োজিত ‘সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদবিরোধী সৈনিক নজরুল’ শীর্ষক আলোচনা সভায় বেশির ভাগ বক্তাই ঘুরেফিরে কবির প্রতিবাদী উচ্চারণের কথা বলেন। জাতীয় কবির ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসন এর আয়োজন করে। এর বাইরে মুরাদনগরের দৌলতপুরে উপজেলা প্রশাসন, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কবির জন্মবার্ষিকী পালন করা হয়। ফলে পুরো কুমিল্লাই নজরুলময় হয়ে ওঠে।

সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত চেতনায় নজরুল ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসন ও কুমিল্লার সংস্কৃতিকর্মীরা। বিকেল সাড়ে চারটায় নজরুলের জীবনভিত্তিক আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনী হয়। শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদবিরোধী সৈনিক নজরুল’ শীর্ষক আলোচনা হয়। স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক মুহাম্মদ গোলামুর রহমানের সভাপতিত্বে ওই সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন নজরুল গবেষক আলী হোসেন চৌধুরী। এদিকে কবির স্মৃতিবিজড়িত মুরাদনগর উপজেলার দৌলতপুরে দিনব্যাপী কবির জন্মবার্ষিকী পালন করা হয়।