নজরুলের গান-কবিতা রুখে দাঁড়ানোর শক্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিতে কুমিল্লা এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কুমিল্লায় কবি ব্রিটিশবিরোধী আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। তাঁর গান ও কবিতা অন্যায়-অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি দিয়েছে। কুমিল্লার সঙ্গে কবির সেতুবন্ধ চিরজাগরূক থাকবে। গতকাল রোববার কবির ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। বিকেল সোয়া চারটায় কুমিল্লা জেলা প্রশাসন ও নজরুল পরিষদের যৌথ উদ্যোগে নগরের নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদার। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম। আলোচনা করেন নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, আলী হোসেন চৌধুরী, কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার বড়ুয়া। পরে বিশিষ্ট নাট্যজন শাহজাহান চৌধুরীর নির্দেশনায় নাটক শিউলীমালা মঞ্চস্থ হয়। এর আগে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও নজরুল সংগীত এবং আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় l প্রথম আলো