নজরুলের গানে মুগ্ধ দর্শক-শ্রোতা
শুক্রবার রাত পৌনে ১০টা। হলভর্তি দর্শক-শ্রোতা। তীব্র শীত উপেক্ষা করে সবাই নিমগ্ন চিত্তে শুনছেন নজরুলগীতি। একক, সমবেত সংগীতে মুগ্ধ দর্শক-শ্রোতা।
রাত ১০টায় বরেণ্য নজরুলসংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল ধরলেন ‘আমায় নহে গো, ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান’। সঙ্গে সঙ্গে হলভর্তি দর্শক-শ্রোতাদের মধ্যে পিনপতন নিস্তব্ধতা নেমে আসে। এরপর একে একে তিনি গেয়ে শোনান নজরুলের বিখ্যাত গজল, ইসলামি সংগীত, শ্যামাসংগীতসহ অরও কিছু গান।
শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে অনুষ্ঠিত নজরুলসংগীত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে নজরুলসংগীতের ওই আসর বসে। নজরুল সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা-ঢাক যৌথভাবে এ আয়োজন করে।
নজরুলসংগীতের আসর উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু জিয়াউল হক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গাজি মো. সাইফুজ্জামান।
নজরুল সাংস্কৃতিক জোট বরিশালের সভাপতি শান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনার পর শুরু হয় নজরুলসংগীতের আসর। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান/ প্রিয়া গেছে কবে পরদেশ, পিউকাহা ডাকে পাপিয়া/ আমার আপনার থেকে আপন যে জন খুঁজি তারে আমি/ পদ্মার ঢেউ রে, মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে/ নদীর একূল ভাঙে ওকূল গড়ে, এই তো নদীর খেলা—এমন নানা গানে মুগ্ধ করেন শিল্পীরা।
নজরুল সাংস্কৃতিক জোট বরিশালের শিল্পীদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন বরেণ্য নজরুলসংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল, ছায়ানটের শিক্ষক কল্পনা আনাম, শিল্পী করিম হাসান খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান, ছায়ানটের শিক্ষক বিজন মিস্ত্রি, দীপ্তি সমাদ্দার, বরিশালের নজরুল সংগীতশিল্পী সঞ্জয় হালদার, গোপাল কৃষ্ণ গুহ, শেখ নাসের জামাল ও অমিতা ঘোষ।
এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের প্রান্তিক সংগীত বিদ্যালয়ের মিলনায়তনে দুই দিনের নজরুলসংগীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রশিক্ষক ছিলেন ঢাকার শিল্পীরা। প্রশিক্ষণে ৬৫ প্রশিক্ষণার্থী অংশ নেন।