নজরুলের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়াই আমাদের লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এতে নজরুলসংগীত পরিবেশন করছেন শিল্পীরা l ছবি: প্রথম আলো
ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এতে নজরুলসংগীত পরিবেশন করছেন শিল্পীরা l ছবি: প্রথম আলো

নজরুলের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ দেশ গড়াই আমাদের লক্ষ্য। ফরিদপুরে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শুক্রবার প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
গতকাল বিকেল চারটার দিকে শহরের অম্বিকা ময়দানে ওই সম্মেলনের শুরু হয়। নজরুল ইনস্টিটিউট ও জেলা প্রশাসন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করেন নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস রফিকুল ইসলাম।
খন্দকার মোশাররফ বলেন, ‘নজরুল যে চেতনায় বিদ্রোহী কবিতা রচনা করেছিলেন, তার পরিপূর্ণ রূপ দিয়েছেন বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের মূল স্লোগান ‘জয় বাংলা’ নজরুলের অবদান। এই কবির লেখায় হিন্দু-মুসলমানের পারস্পরিক সম্পর্কও অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে।’
নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী বলেন, ‘১৯৭২ সালের দাদুকে (নজরুল) ও আমাদের পরিবারকে দেশে নিয়ে আসেন বঙ্গবন্ধু। ওই সময় বঙ্গবন্ধু দাদুকে এ দেশে নিয়ে না এলে দাদু জাতীয় কবি হতেন না।’ আরও বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন, জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ, শুভেচ্ছা বক্তব্য দেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব।
এর আগে একটি শোভাযাত্রা বের হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংগীতানুষ্ঠান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। দলীয় নৃত্য পরিবেশন করেন দীপা খন্দকার, তাঁর দল ও ফরিদপুরের নৃত্যশিল্পী দল।