নজরুলের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষ, দুই গুণীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন গতকাল বৃহস্পতিবার দুজন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। বিশিষ্ট নজরুল গবেষক মোহাম্মদ আবদুল কাইউম ও বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী সুধীন দাশকে নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা-২০১০ দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ তাঁদের হাতে সম্মাননাপত্র তুলে দেন। সম্মাননা পাওয়া গুণীজনদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ। এ সময় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আইনুল ইসলাম। এর আগে সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত নজরুল বক্তৃতামালায় দুটি প্রবন্ধ এবং দ্বিতীয় পর্বে রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতামালায় দুটি প্রবন্ধ পাঠ করা হয়। বিশ্ববিদ্যালয়ের কলাভবনে তিন দিনব্যাপী বাংলা একাডেমী বইমেলাও শেষ হয়েছে। এ ছাড়া চারুকলা বিভাগের শিক্ষক মো. সাফিন ওমর, দুলাল চন্দ্র গাইন, মুহাম্মদ এমদাদুর রাশেদ ও তপন কুমার সরকারের চিত্রকর্ম প্রদর্শিত হয়। শেষে নাটক পদ্ম-গোখ্রা মঞ্চায়িত হয়।