নজরুলের শ্বশুর শহীদুলের বিরুদ্ধে আরও দুটি জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে অপহরণের পর খুন হওয়া কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যানের বিরুদ্ধে আরও দুটি জিডি হয়েছে। প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গতকাল বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি দুটি করেন ২১ আগস্ট অনুষ্ঠিতব্য ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মাসুম রানা ও তাঁর সমর্থক রুহুল আমিন।
জিডিতে শহীদুল ছাড়াও তাঁর ছেলে শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, মামুন ও কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে মঙ্গলবার অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে শহীদ চেয়ারম্যান ও শফিকুলের বিরুদ্ধে জিডি করেন। এ উপনির্বাচনে নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জিডিতে মাসুম রানা উল্লেখ করেন, গত মঙ্গলবার তিনি আবদুল আলীপুল এলাকায় তাঁর ভাইসহ কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় শহীদ চেয়ারম্যান, শফিকুল, সাইদুল ওই স্থানে এসে তাঁদের ভয়ভীতি দেখান ও প্রাণনাশের হুমকি দেন। রুহুল আমিন তাঁর জিডিতে উল্লেখ করেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর আবদুল আলীপুলের বাসায় এসে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে বিভিন্ন ভয়ভীতি দেখান ও হুমকি-ধমকি দেন। শহীদ চেয়ারম্যান হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে হুমকি দিই নাই। নির্বাচনে হারবে জেনে প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ তুলছে।’