নজরুলের সুর-ছন্দে মুখর সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘরে মূল মিলনায়তন শনিবার সন্ধ্যায় ভরে উঠেছিল গানের ভুবনের নবীন-প্রবীণদের সমাগমে। তাঁরা এসেছিলেন নজরুলসংগীত সম্মেলনে। নজরুলসংগীত শিল্পী পরিষদের উদ্যোগে এখানে দুই দিনের নজরুলসংগীত সম্মেলন শুরু হয়েছে গতকাল। জাতীয় কবির জন্মবার্ষিকীকে উপলক্ষ করে ভক্তিমূলক, উদ্দীপনামূলক, প্রেম ও প্রকৃতি নিয়ে কবির বৈচিত্র্যময় গানে গানে শিল্পীরা মুগ্ধ করে রেখেছিলেন শ্রোতাদের। ‘কেন আসিলে ভালোবাসিলে’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। নজরুলসংগীত শিল্পী পরিষদের সভাপতি ফেরদৌসী রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম এ মান্নান, খিলখিল কাজী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী সোহ্রাব হোসেন ও সুধীন দাশকে সম্মাননা জানানো হয়। তাঁদের হাতে প্রধান অতিথি ও সভাপতি ক্রেস্ট, সনদ ও সম্মাননার অর্থমূল্যের চেক তুলে দেন। অনুষ্ঠানের আর্থিক সহযোগিতা করেছে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক। পরে ছিল নজরুলের গান, কবিতা ও গানের সঙ্গে নৃত্য। গানা গেয়ে শোনান শিল্পী ফাতেমা-তুজ-জোহরা, শাহীন সামাদ, সাদিয়া আফরীন, ছন্দা চক্রবর্তী, শাহীনুর রেজা, শহীদুল কবির, অনিন্দিতা চৌধুরী, উত্তম কুমার রায়, আলপনা রায়, সীমা আহমেদ, মো. শহীদুল ইসলাম প্রমুখ। গানগুলো ছিল ‘আমি যুগ যুগ ধরি’, ‘বৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মত’, ‘পরদেশী বধূয়া এলে কি এতদিনে’, ‘হারানো হিয়ার নিকুঞ্জ পথে,’ ‘বকুল চাঁপার বনে কে মোর’, ‘বল নাহি ভয়’, ‘সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে’, ‘চমকে চমকে ধীর ভীরু পায়’, ‘আল্গা করগো খোঁপার বাঁধন্’ ইত্যাদি। এ ছাড়া পরিষদের শিল্পীরা সমবেত কণ্ঠে ‘শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্ম্মল’ এবং আব্বাসউদ্দীন একাডেমীর শিল্পীরা ‘সাহারাতে ফুটলো রে ফুল’ পরিবেশন করেন। ‘সাম্যের গান গাই’ কবিতাটি আবৃত্তি করে শোনান ঝর্না সরকার। নজরুলের দুটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন মুনমুন আহমেদ ও তাঁর দল। আজ উৎসবের শেষ দিনেও রয়েছে গান, নাচ ও আবৃত্তি পরিবেশনা। শিল্পকলায় পরীক্ষণ থিয়েটারের ‘হরগজ’ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে স্বপ্নদলের নতুন প্রযোজনা হরগজ-এর সপ্তম মঞ্চায়ন হলো গতকাল। নাট্যাচার্য সেলিম আল দীনের এই আলোচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ১৯৮৯ সালে মানিকগঞ্জ জেলার হরগজ গ্রামে সংঘটিত প্রলয়সদৃশ টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে ১৯৯২ সালে সেলিম আল দীন নাটকটি রচনা করেন। টর্নেডোর পরে প্রথম উদ্ধারপর্বে একটি ত্রাণদলের দেখা প্রকৃতি ও প্রাণীজগতের বিধ্বস্ত পরিস্থিতি এ নাটকের উপজীব্য। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোনালী রহমান, রবিন দত্ত, খায়রুল আলম, সাজিদা ইসলাম পারুল, শাখাওয়াত হোসেন, আমজাদ শরীফ, রওনক লাবণী, আবু নাসের ইমন, হাসান রেজাউল, আবদুস সামাদ ভূঞা, শিশির সিকদার, ইউসুফ ভূঞা, আসিফ ইসতিয়ার, ফারজানা রহমান, তৌহিদা ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইকতিয়ার হাসান, মো. শাহীন শাওন, আল-আমিন, মনির হোসেন, আলী হাসান ও জাহিদ রিপন।সৃজনের ফেলে আসা দিনের গানের আয়োজনফেলে আসা দিনের বাংলা গানের আয়োজন করেছিল সংগীত সংগঠন সৃজন গতকাল সন্ধ্যায়। এটি তাদের ৯৩তম আসর। লোকধারার গান থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুলের গান যেমন গাইলেন শিল্পীরা, তেমন গাইলেন দুই বাংলার আধুনিক গান। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে দারুণ জমেছিল আসর। অনিমা রায়ের গাওয়া ‘এই কথাটি মনে রেখ’ রবীন্দ্রনাথের এই গানটি দিয়ে শুরু। নজরুলের গান ‘আমায় নহে গো, ভালবাস শুধু’ পরিবেশন করেন রেজাউল করিম। গান গেয়েছেন শিখা রউফ, লায়লা আরজুমান্দ, নাসরিন শ্রাবণী, নাজনীন মিমি, সামিয়া নাজ, নাসরিন খান ও মাহবুবুর রহমান। পরিবেশনায় ছিল ‘বড় সাধ জাগে একবার তোমায় দেখি’, ‘সাত ভাই চম্পা জাগো রে’, ‘আবার কখন কবে দেখা হবে’, ‘ওগো মোর মধুমিতা’ প্রভৃতি। অনুষ্ঠানে সম্প্রতি ব্ল্যাক হর্স আরটিভি গোল্ডেন কী বিজয়ী শিল্পী মাহবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন নূরুল ইসলাম।