নজরুলের সৃষ্টি আমাদের প্রেরণা: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নজরুলের প্রতিভা, দেশপ্রেম, দরিদ্র জনগণের প্রতি গভীর মমত্ববোধ ও তাঁর সার্বজনীনতা সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দিতে হবে। তাঁর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে আমরা তাঁর প্রতি সম্মান দেখাতে পারি। নজরুলের সৃষ্টি আমাদের প্রেরণা জোগায়।’ ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে নজরুল মঞ্চে গতকাল মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদ্যাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধনকালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এসব কথা বলেন।রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে কবিকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা প্রসঙ্গে বলেন, ‘চরম দারিদ্র্য ও প্রতিকূলতার মধ্যে নজরুল বড় হয়েছেন। তাঁর প্রতি গভীর মমতা ও শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ উদ্যোগে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশে নিয়ে আসেন। আমার পরম সৌভাগ্য হয়েছিল, জাতির জনকের নির্দেশে আমি তাঁকে ভারত থেকে আনতে গিয়েছিলাম। সে স্মৃতি বড়ই আনন্দের।’সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল আল মামুন। কবি-পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন তাঁর পৌত্রী বেগম খিলখিল কাজী। নজরুল স্মারক বক্তৃতা করেন করুণাময় গোস্বামী। শুভেচ্ছা বক্তব্য দেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল)-এর সাংসদ রেজা আলী। রাষ্ট্রপতি বলেন, নজরুল ইসলামই প্রথম ব্যক্তি, যিনি তাঁর ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের মাধ্যমে সর্বপ্রথম স্বদেশের জন্য পরিপূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেন। প্রবন্ধটি ১৩৪৯ বঙ্গাব্দের ৩ বৈশাখ প্রকাশিত হয়। বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, নজরুলকে ঘিরে ত্রিশালে এক হাজার আসনের শীতাতপনিয়ন্ত্রিত একটি অডিটোরিয়াম নির্মাণের কাজ অচিরেই শুরু করা হবে। এ ছাড়া আরও ১৫ কোটি ১৯ লাখ টাকার উন্নয়ন কর্মকাণ্ডও বাস্তবায়ন করা হবে। জাতীয় কবির পৌত্রী বেগম খিলখিল কাজী রাষ্ট্রপতির কাছে দাবি করেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর দিনটিকে জাতীয় দিন ঘোষণা করে সেদিন সরকারি ছুটি ঘোষণা করা হোক। সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সুযোগ পাওয়ায় রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।