নজরুলের স্ত্রী সেলিনা বিপুল ভোটে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিনা ইসলাম
সেলিনা ইসলাম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম। চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় নজরুল ইসলাম নিহত হলে ওয়ার্ডটি শূন্য হয়। 
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। জানা গেছে, বিজয়ী সেলিনা ইসলাম ((সিংহ প্রতীক) পেয়েছেন পাঁচ হাজার ২৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন (আপেল প্রতীক) পেয়েছেন এক হাজার ৯৫৮ ভোট। আর নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের মামাশ্বশুরের ছেলে মাসুম রানা (পদ্ম ফুল) ৬৮৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
সেলিনা ইসলাম প্রথম আলোকে বলেন, এ বিজয় তাঁর স্বামী প্রয়াত নজরুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জবাসীর।
এর আগে গতকাল সকাল আটটা থেকে বেলা চারটা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে ২ নম্বর ওয়ার্ডের আটটি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিপুলসংখ্যক বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন ছিল।
জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদী, মৌচাক, নতুন মহল্লা, আবদুল আলী পুল, হীরাঝিল, মুজিববাগ, মিতালী মার্কেট এলাকা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডের মোট ভোটার ১৬ হাজার ৭২৯। এর মধ্যে পুরুষ আট হাজার ৫১৬ এবং নারী আট হাজার ২১৩ জন।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল ছয়জন এবং পরের দিন একজনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।