নজরুলের স্বপ্নপূরণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বপ্ন পূরণ করতে অসাম্প্রদায়িক, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সবার সম-অধিকার নিশ্চিত করার মাধ্যমে শোষণ-বঞ্চনাহীন বাংলাদেশ গড়তে পারলে নজরুলের স্বপ্ন সত্যে পরিণত হবে।
প্রধানমন্ত্রী আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে দেওয়া ভাষণে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘একদিকে কবি হিসেবে মানুষের অধিকার ও সাম্যের কথা বলায় ব্রিটিশ শাসকগোষ্ঠীর বিরাগভাজন হয়েছেন ও কারাবরণ করেছেন, অন্যদিকে ধর্মব্যবসায়ী ও ফতোয়াবাজদের মুখোশ খুলে দেওয়ায় “কাফের” বলে অভিহিত হয়েছেন, কিন্তু কোনো কিছুই জাতীয় কবিকে ভয় দেখাতে বা দমাতে পারেনি। আমরা তাঁর কাছ থেকে লাভ করেছি সাহস ও শৌর্য। অর্জন করেছি প্রতিবাদের ভাষা।’
নজরুল ইসলাম জীবদ্দশায় যেসব গানে সুর করতে পারেননি, তাতে সুরারোপের বিষয়টি বিবেচনা করতে নজরুল বিশেষজ্ঞদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানান। এটি সম্ভব হলে এসব গান বাংলা সাহিত্য ও সংগীতকে সমৃদ্ধ করবে।
নজরুলের প্রতি গভীর শ্রদ্ধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালি সংস্কৃতির চেতনায় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান এক জাগরণী শক্তির উত্স। হাজার বছরের শোষণ-বঞ্চনা-নির্যাতন-নিপীড়ন-নিষ্পেষণে বাঙালি জাতি যুগে যুগে মুক্তির আকাঙ্ক্ষায় আর্তনাদ করেছে, প্রতিবাদ জানিয়েছে, আন্দোলন করেছে। বাঙালির সেই মুক্তির আকাঙ্ক্ষা ও স্বপ্ন পল্লবিত হয়েছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায়।’
নতুন প্রজন্মকে নজরুলের সৃষ্টিসম্ভারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, কবির সম্পূর্ণ সৃষ্টি প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়ুক। কবির দুই প্রধান সৃষ্টি সাহিত্য ও সংগীতের মাধ্যমে আমরা নজরুলকে পরবর্তী প্রজন্মের কাছে উপস্থাপন করতে চাই।’ তিনি বলেন, ‘নবজাগরণের কবি, অসাম্প্রদায়িক কবি তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে সব ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন, প্রতিবাদী ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম পথিকৃত্ নজরুল মানবতার প্রতীক।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলা সাহিত্যের এই কালজয়ী প্রতিভা জীবনের জয়গান গেয়েছেন। তাঁর উদ্দীপনামূলক গান ও কবিতা মুক্তিযুদ্ধের সময় আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। তাঁর বিশাল সৃষ্টিসম্ভারে আজ বাংলা সাহিত্য সমৃদ্ধ।’ বাসস।