নজরুলের ১১৫তম জন্মবার্ষিকী আজ

দ্রোহ ও প্রেম, কঠোরে কোমলে অম্লান কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী আজ ২৫ মে। আমাদের জাতীয় কবি, আবালবৃদ্ধবনিতার প্রিয় নজরুল। সারা দেশে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি পালিত হবে উৎসবমুখর আয়োজনে। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত কবির সমাধি ছেয়ে যাবে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসার ফুলে ফুলে।
‘চির উন্নত মম িশর’ বলে কাজী নজরুল ইসলাম সারা জীবন সংগ্রাম করেছেন শাসন-শোষণের বিরুদ্ধে। কুসংস্কার, ধর্মান্ধতা ও কূপমণ্ডূকতার বিরুদ্ধে ছিলেন সোচ্চার। নির্ভীকচিত্তে গেয়েছেন মানবতার জয়গান। দারিদ্র্যের কশাঘাত সহ্য করেছেন, ভোগ করেছেন নির্যাতন-নিপীড়ন; কিন্তু ব্যক্তিগত লোভ-লাভ-খ্যাতির মোহের কাছে কখনো আত্ম-বিক্রি করেনি। নিজের বিশ্বাস ও চেতনার জায়গায় থেকে গেছেন অনড়, থেকে গেছেন আপসহীন।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯) কাজী নজরুল ইসলামের জন্ম। পিতা কাজী ফকির আহমেদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম। শৈশব থেকেই অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। জীবিকার দায়ে ঠেকেছিলেন শৈশবেই। লেটো দলের বাদক, রেল গার্ডের খানসামা, রুটির দোকানের শ্রমিক—এভাবেই পেরিয়ে গেছে তাঁর শৈশব-কৈশোর। ঘটনাবহুল ছিল তাঁর জীবন। পরে কাজ করেছেন সৈনিক হিসেবে। সাংবাদিকতা করেছেন। কাজ করছেন এইচএমভি ও কলকাতা বেতারে। ব্রিটিশবিরোধী আন্দোলনে পথে নেমেছেন। পাশাপাশি সাহিত্য সাধনা তো ছিলই। শাসকের কোপানলে পড়েছেন, কারারুদ্ধ হয়েছেন, কিন্তু নত হয়নি নজরুলের উচ্চ শির।
রবীন্দ্রনাথ ঠাকুরের দীপ্তিতে ভাস্বর বাংলা সাহিত্যের ভুবনে স্বতন্ত্র ভাষারীতি ও শব্দের প্রয়োগে এক নতুন কাব্যধারার সংযোগ করেছিলেন নজরুল, যা তাঁকে যেমন বিপুলভাবে জনপ্রিয় করে তুলেছিল, তেমনি সমৃদ্ধ করেছিল বাংলা কবিতাকেও। একইভাবে বাংলা গানের ক্ষেত্রেও তিনি নতুন মাত্রা সংযোজন করেছিলেন। উত্তর ভারতীয় রাগসংগীতের দৃঢ় ভিত্তির ওপর রচনা করেছিলেন আধুনিক বাংলা গানের সৌধ। প্রবর্তন করেছিলেন বাংলা গজল।
এসব সত্ত্বেও নজরুল ইসলাম অগণিত মানুষের বিপুল ভালোবাসা ও শ্রদ্ধার আসনে আসীন হয়েছিলেন তাঁর অসাম্প্রদায়িক চেতনা ও নির্যাতিত-নিপীড়িত মানবতার প্রতি গভীর দরদের জন্য। তিনি মানুষকে জাগিয়েছেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে, শোষণের শৃঙ্খল ভাঙার আন্দোলনে। এখানেই তিনি সমকালের দাবি মিটিয়েও চিরকালীন।
বাণী: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
কর্মসূচি: বরাবরের মতো এবারও জাতীয় পর্যায়ে নজরুলজয়ন্তী পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল এবং শ্রেণিপেশার সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, শোভাযাত্রা, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল শনিবার থেকেই শুরু হয়েছে ছায়ানটের দুই দিনের নজরুল উৎসব। আজ রোববার থেকে তিন দিনের অনুষ্ঠান শুরু হচ্ছে নজরুল ইনস্টিটিউটের আয়োজনে। প্রতিদিন বিকেল পাঁচটায় এই অনুষ্ঠান শুরু হবে ধানমন্ডির ইনস্টিটিউট মিলনায়তনে। নজরুল একাডেিমও তিন দিনের অনুষ্ঠান আয়োজন করেছে। তাদের অনুষ্ঠান হবে শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায়।