নজরের অভাবে শিশুরা দেশের বোঝা হবে: মেহের আফরোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, উন্নত দেশের তুলনায় বাংলাদেশে ১৮ বছর বয়সী শিশুর সংখ্যা অনেক বেশি। মোট জনসংখ্যার ৪৮ ভাগই শিশু। তাদের সবার দিকে নজর দিতে না পারলে এই শিশুরা দেশের বোঝা হিসেবে বিবেচিত হবে। তাই সরকারের পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে এই শিশুদের উন্নয়নে কাজ করতে হবে।

আজ বুধবার ঢাকা আহছানিয়া মিশনের সমন্বিত শিশু বিকাশ কার্যক্রমের পরীক্ষামূলক প্রকল্পের (পাইলট) মূল্যায়নের ফলাফল জানানোর জন্য আয়োজিত সেমিনারে মেহের আফরোজ এসব কথা বলেন।

রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি-আরডিইসি মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম।

সেমিনারে বলা হয়, বরগুনায় সরকারের চারটি আশ্রয় প্রকল্পে ঢাকা আহছানিয়া মিশন ২০১১ সাল থেকে ‘আর্লি চাইল্ড হুড ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোগ্রাম-বাংলাদেশ’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এতে সহায়তা করছে দাতা সংস্থা সিডা এবং আগা খান ফাউন্ডেশন। সরকারের এসব আশ্রয় বা আবাসন প্রকল্পে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বসবাস করে। এই জনগোষ্ঠীর ১-৬ বছর বয়সী শিশুদের নিয়ে পরিচালিত হচ্ছে শিশু বিকাশ প্রকল্পটি।

সেমিনারে এই প্রকল্পের মূল্যায়ন ফলাফল উপস্থাপন করেন গবেষক এবং ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ সাইফুল ইসলাম। মূল্যায়ন অনুযায়ী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিশুদের দিকে নজর দেওয়া হলে তাদেরও জীবনমানের উন্নয়ন ঘটে। অন্যান্য শিশুর মতোই তাদেরও বয়স অনুযায়ী যথাযথ বিকাশ ঘটানো সম্ভব।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এম এহছানুর রহমান। আলোচনায় অংশ নেন আগা খান ফাউন্ডেশন-বাংলাদেশের উপদেষ্টা (ইসিডি) গোলাম মোস্তফা, ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মাহমুদা আখতার এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কোয়ালিটি প্রাইমারি এডুকেশন প্রোগ্রামের উপদেষ্টা ইকবাল হোসেন।