নজিরবিহীন তফসিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ নম্বর পরিপত্র চূড়ান্ত না করেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ পরিপত্রে নির্বাচন-সম্পর্কিত দিনক্ষণ, ভোটার সংখ্যা, ভোটকেন্দ্রসহ বিভিন্ন তথ্য থাকে। কিন্তু গতকাল সোমবার রাত সাড়ে আটটা পর্যন্ত কমিশন সচিবালয় তফসিল-সংক্রান্ত ১ নম্বর পরিপত্র জারি করতে পারেনি।
জাতির উদ্দেশে সিইসির ভাষণের পরও কমিশন সচিবালয় থেকে গণমাধ্যমকর্মীদের নির্বাচন-সম্পর্কিত কোনো তথ্য সরবরাহ করা হয়নি। সন্ধ্যার পর কমিশন সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে একটি অনানুষ্ঠানিক ও অসম্পূর্ণ তালিকা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, ৩০০টি আসনে মোট ভোটার সংখ্যা নয় কোটি ১৯ লাখ ৬৬ হাজার ২৯০ জন। এর মধ্যে পুরুষ চার কোটি ৬১ লাখ ২৩ হাজার ৩১৮ এবং নারী চার কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৯৭২ জন। নির্বাচনে মোট ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৭৭ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের জন্য নিবন্ধিত দলের সংখ্যা ৪০টি। কিন্তু সম্ভাব্য প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং, পোলিং ও সহকারী পোলিং কর্মকর্তাদের সংখ্যার জায়গায় ক্রস চিহ্ন ব্যবহার করা হয়েছে। সম্ভাব্য ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যাও জানানো হয়নি।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, রিটার্নিং কর্মকর্তারা ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করবেন। একই সঙ্গে তাঁরা ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকাও চূড়ান্ত করবেন। তারপর এ-সম্পর্কিত চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।
কাল সকালে খসড়া তফসিল নিয়ে সিইসি ও চার কমিশনার বৈঠকে বসেন। তফসিল ঘোষণার পর রাজনৈতিক সমঝোতা হলে করণীয় কী হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। কমিশন মনে করে, শেষ পর্যন্ত বিরোধী জোট নির্বাচনে এলে তফসিল পরিবর্তন করা যাবে।