নজিরবিহীন নিরাপত্তায় জলবায়ু সম্মেলন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মাসেই শহরটি রক্তাক্ত হয়েছিল জঙ্গি হামলায়। ফ্রান্সের প্যারিসে আজ সোমবার মাসের শেষ দিন শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন। নজিরবিহীন নিরাপত্তায় এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন বিশ্বের ১৪৮টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা।
গতকাল রোববার প্যারিসের দু-এক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তাপমাত্রা এক সপ্তাহ ধরে অল্প অল্প করে কমছে, দমকা হিমেল হাওয়াও বইছে। এর মধ্যেই শহরের এক প্রান্তের লো বুর্জে-তে চলছে জলবায়ু সম্মেলনের এই বিশাল যজ্ঞ।
কপ-২১ নামের ওই জলবায়ু সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আসছেন অনেকেই। আজ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর বিশ্বনেতারা বক্তব্য দেবেন। আগামীকাল পর্যন্ত চলবে বক্তৃতা পর্ব। এরপর সম্মেলনের মূল সমঝোতাবিষয়ক আলোচনা শুরু হবে।
সম্মেলনের আগে গতকাল বিশ্বব্যাপী হয়েছে সমাবেশ। সিডনি থেকে সিয়াটল; হংকং থেকে বার্লিন, লন্ডন, সাও পাওলো—বিশ্বের বড় বড় সব শহরে হাজার হাজার মানুষ গতকাল জড়ো হয়েছিল বিশ্বনেতাদের কাছে একটি আবেদন রাখতে—জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বিশ্বকে রক্ষা করুন। পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসরণ কমাতে চুক্তি করুন।
এবারের সম্মেলনের আগে প্রায় ২০ লাখ লোকের এক সমাবেশের আয়োজনের কথা ছিল প্যারিসে। তবে নিরাপত্তার কারণে তাঁদের আসতে দেওয়া হয়নি। না আসা সেসব মানুষের অংশগ্রহণ ঘটেছে প্যারিসে জুতার সমাবেশ ঘটিয়ে। প্যারিসের প্লস দো রিপাবলিক স্কয়ারে গতকাল এই জুতা প্রদর্শনীতে স্থান পায় অন্তত ১০ হাজার জোড়া জুতা। প্যারিসে জঙ্গি হামলার পর গতকালের সমাবেশটি ছিল প্রথম সংগঠিত সমাবেশ। তবে এখানেই অনুমোদন ছাড়া একটি সমাবেশ করতে গেলে তা কাঁদানে গ্যাস দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সম্মেলন উপলক্ষে প্যারিস শহরের প্রতিটি বাস ও রেলস্টেশনে পুলিশের পাশাপাশি ফ্রান্সের সামরিক বাহিনীর সদস্যদের পাহারা দিতে দেখা গেছে। ২ হাজার ৮০০ পুলিশ সম্মেলনস্থলে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এ ছাড়া প্যারিসে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ৬ হাজার ৩০০ সদস্য।
সম্মেলনের মূল লক্ষ্য কার্বন নিঃসরণকারী জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে একটি চুক্তিতে উপনীত হওয়া। গেল সপ্তাহেই বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, এ বছরটি হতে যাচ্ছে সবচেয়ে উষ্ণ বছর। এযাবৎ জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো স্বতঃপ্রণোদিত হয়ে কার্বন কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছে, তা যদি পুরোপুরি বাস্তবায়িতও হয়, এরপর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ দশমিক ৭ থেকে ৩ দশমিক ৫ হয়ে যাবে। এ তথ্য জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান ক্রিশ্চিয়ান ফিগুয়েরাসের।
সম্ভাব্য চুক্তি পালনে যাতে আইনি বাধ্যবাধকতা না থাকে, তার চেষ্টা হয়েছে শুরু থেকেই। গতকালই বারাক ওবামা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্যারিস চুক্তি আইনি বাধ্যবাধকতার না-ও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। কানাডা ও জাপান জলবায়ু খাতে নতুন অর্থ বরাদ্দের ঘোষণা দিলেও কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে কোনো আইনি চুক্তিতে স্বাক্ষর না-ও করতে পারে বলে শীর্ষ নেতৃত্ব থেকে বলা হয়েছে।
আয়োজক দেশ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফেবিয়াস বার্তা সংস্থা সিএনবিসিকে বলেছেন, তাঁরা চান প্যারিস থেকে বিশ্বের রাষ্ট্রগুলো যাতে খালি হাতে ফিরে না যায়। একটি আইনগতভাবে বাধ্যবাধকতা চুক্তি নিয়েই যাতে রাষ্ট্রগুলো প্যারিস সম্মেলনটি শেষ করে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন দলের প্রধান সমঝোতাকারী অর্থনীতিবিদ কাজ খলীকুজ্জমান আহমদ প্রথম আলোকে বলেন, ‘প্যারিস সম্মেলনে যাতে একটি আইনগত বাধ্যবাধকতা চুক্তি না হয়, সে জন্য শিল্পোন্নত রাষ্ট্রগুলো চেষ্টা শুরু করেছে।’
এই জলবায়ু সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের ৩৭ সদস্যের প্রতিনিধিদলের বেশির ভাগ সদস্য গতকালই প্যারিসে এসে পৌঁছেছেন। গতকালই এসেছেন দলনেতা আনোয়ার হোসেন। দলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর সম্মানিত ফেলো এম আসাদুজ্জামান রয়েছেন। সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সরকারের একটি এবং বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কোস্ট ট্রাস্ট ও কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ থেকে সম্মেলন কেন্দ্রে একটি স্টল নেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশবিষয়ক বই, আলোকচিত্রসহ বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।