নজিরবিহীন মানবিক সংকট

বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল এবারই প্রথম নয়। ছোট-বড় মিলিয়ে এর আগে অন্তত চারবার: ১৯৭৭-৭৮, ১৯৯১-৯২, ২০১২ ও ২০১৬ সালে—রোহিঙ্গারা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। তবে এবারের ঢলের নানান মাত্রা আছে। নানা কারণে তা অভূতপূর্বও বটে। মাত্র চার মাসের মধ্যে ৬ লাখ ৫৫ হাজার রোহিঙ্গার বাংলাদেশে চলে আসাটা নজিরবিহীন। সাম্প্রতিক ইতিহাসে শরণার্থীদের সবচেয়ে বড় ঢল বলা হচ্ছে এটিকে। এই সংকটের পর গোটা বিশ্ব যেভাবে রোহিঙ্গাদের পক্ষে এবং বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে উচ্চকণ্ঠ হয়েছে, তা অতীতে কখনো হয়নি। আর সীমিত সম্পদ ও সামর্থ্য নিয়ে বাংলাদেশ যেভাবে রোহিঙ্গাদের বুকে টেনে নিয়েছে, সেটাও অবাক করেছে বিশ্ববাসীকে। বাংলাদেশের এই মানবিক পরিচয়টাই এখন বিশ্বের কাছে বড় হয়ে উঠেছে।
সরকারের হিসাব অনুযায়ী এবারের ৬ লাখ ৫৫ হাজার, গত বছরের অক্টোবর থেকে এবারের জুন পর্যন্ত ৮৭ হাজার, দুই নিবন্ধিত শরণার্থী শিবিরের জাতিসংঘের ৩৩ হাজার এবং অনিবন্ধিত প্রায় ৩ লাখ মিলিয়ে বাংলাদেশে এখন প্রায় ১০ লাখ ৭৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সংখ্যাতাত্ত্বিক দিক থেকে বিশ্বে রোহিঙ্গাদের সবচেয়ে বড় অংশ এখন বাংলাদেশে। অবশ্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিসংখ্যান অনুযায়ী শুধু কক্সবাজারেই এখন ৮ লাখ ৬৬ হাজার রোহিঙ্গা অবস্থান করছে।
এত কিছুর পর বছরের শেষ মাসের মানবিক এই সংকট বাংলাদেশের জন্য ভবিষ্যতে বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে এসেছে। নানামুখী আন্তর্জাতিক চাপের মুখে নভেম্বরে বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গাদের ফেরানোর জন্য চুক্তি সই করেছে মিয়ানমার। চুক্তি সইয়ের দুই মাসের মধ্যে প্রত্যাবাসন শুরুর কথা বলা হলেও রোহিঙ্গাদের আসা থামছে না। এই পরিস্থিতি রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরে যেতে উদ্বুদ্ধ করে না। ফলে রাখাইনে তাদের ফেরত পাঠানোর আগে সুষ্ঠুভাবে রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বনাঞ্চল, পাহাড়সহ কক্সবাজারের বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের জন্য নতুন করে যেসব শিবির রয়েছে, সেগুলোতে পানি ও পয়োনিষ্কাশনসহ মৌলিক মানবিক চাহিদার যথেষ্ট অভাব রয়েছে। রোহিঙ্গাদের বড় অংশ শিশু হওয়ায়, ডিপথেরিয়াসহ বিভিন্ন রোগ সংক্রামক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তা ছাড়া মিয়ানমারে কয়েক দশকের বঞ্চনার তাড়নায় নিষ্পেষিত এই জনগোষ্ঠীকে বিভ্রান্ত করার মতো অপশক্তিও এখানে সক্রিয় আছে। সেই সঙ্গে আছে এদের যৌন ব্যবসা, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতায় জড়িয়ে পড়ার ঝুঁকি। প্রাথমিকভাবে আগস্ট থেকে ফেব্রুয়ারি—এই ছয় মাসে ৬ লাখ রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ৩৪৪ মিলিয়ন ডলারের ত্রাণসহায়তা ঘোষণা করেছে। তবে বিপুলসংখ্যক রোহিঙ্গার জীবন চালাতে শুধু ত্রাণের ওপর নির্ভরশীল থাকা সম্ভব নয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অনেকে তাদের সস্তা শ্রমে কাজে নিয়োগ করছেন; যা স্থানীয় শ্রমবাজারে ভারসাম্যহীনতা সৃষ্টিতে মদদ দেবে। যার চূড়ান্ত পরিণতিতে স্থানীয় লোকজনের মাঝে তাদের প্রতি বৈরিতা মাথাচাড়া দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
রাখাইন থেকে রোহিঙ্গাদের চিরতরে তাড়িয়ে দিতে এই অভিযান নিয়ে আন্তর্জাতিক জনমত এতটা জোরালো হবে, মিয়ানমারের সেনাবাহিনী হয়তো এটা বিবেচনায় নেয়নি। ক্রমশ চাপ বাড়তে থাকায় মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করতে বাধ্য হয়েছে। এখন চুক্তি অনুযায়ী তারা রোহিঙ্গাদের খুব শিগগির ফেরাবে কি না কিংবা ফেরানোর পরিবেশ আছে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। কারণ স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার পরিবেশ হয়েছে কি না, সেটা স্পষ্ট নয়। আর এবারের পরিস্থিতি ’৭৭-’৭৮ ও ’৯১-৯২ সালের চেয়ে আলাদা। ওই সময় দুই দফায় এবারের মতো এত বিপুল সংখ্যায় রোহিঙ্গাদের তাদের আদি নিবাস ছাড়তে হয়নি। তা ছাড়া তাদের বাড়িঘর জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়নি। খেতের ফসল কেটে নেওয়া হয়নি। তা ছাড়া চার মাস পরও যখন উত্তর রাখাইন থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে থাকে, তখন তো তাদের উল্টো সেখানে ফেরত পাঠানোর অনিশ্চয়তা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ কয়েক পুরুষ ধরে রোহিঙ্গারা যেই ভূখণ্ডে থেকেছে, তাদের সন্তানদের জন্য বাংলাদেশের শিবিরগুলোতে যেমন ভবিষ্যৎ নেই, তেমনি অনিশ্চয়তার হাতছানি রাখাইনেও।
এখনকার পরিস্থিতি যে খুব শিগগির রোহিঙ্গাদের রাখাইনে ফেরার জন্য উপযুক্ত নয়, সে ক্ষেত্রে অন্তত তিনটি বিষয়কে বড় কারণ হিসেবে দেখা যেতে পারে। প্রথম ও প্রধান বিষয়টি হচ্ছে, রোহিঙ্গাদের নিরাপত্তা। এবার যে নৃশংসতার সাক্ষী রোহিঙ্গারা হয়েছে, তা সব সময় তাদের তাড়িয়ে ফিরছে। পর্যবেক্ষকদের মতে, যে ভয়াবহ নৃশংসতা জেনারেল মিন অং লায়েংয়ের নেতৃত্বে হয়েছে, সেটা জেনারেল নে উইনও কল্পনা করতে পারেন না। সেনাবাহিনী তো রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে এখনো স্বীকারই করছে না। তা ছাড়া সেখানে যে গুরুতর মানবিক সংকট হয়েছে তারও কোনো রাজনৈতিক স্বীকৃতি নেই মিয়ানমারে। কাজেই নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় থাকা কয়েক লাখ লোক নিশ্চয় নিজেদের জীবনকে বলি হতে দেবেন না। রাখাইনের এবারকার হত্যা, ধ্বংসে সেনাবাহিনীর দোসর হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের উচ্ছৃঙ্খল একদল লোক।
এরপর আসবে রোহিঙ্গারা ফিরে গেলে কীভাবে তাদের জীবন চলবে সে প্রসঙ্গটি। এখন চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের তাদের আদি নিবাসে রাখার ব্যবস্থা হবে। তাদের অবাধে চলতে-ফিরতে দেওয়া হবে, কাজে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হবে; বিশেষ করে ফসলের খেতে, মাছ ধরতে জলাশয়ে—যেখানেই তারা কাজ করতে চায়, সেখানেই যেতে পারবে। কিন্তু গত বছরের অক্টোবরে সন্ত্রাসী গোষ্ঠী আরসার হামলার পর সান্ধ্য আইন জারির ফলে রোহিঙ্গাদের চলাফেরায় বিধিনিষেধ চরমভাবে কার্যকর রয়েছে। অথচ রাখাইনের দীর্ঘদিনের জীবনাচারে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন একে অন্যের ওপর নির্ভরশীল। বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যবসায়ীরা মুসলিম কৃষক ও জেলেদের কাছ থেকে পণ্য কিনতেন। সেখানকার অর্থনীতি ও শ্রমবাজারে রোহিঙ্গাদের বড় ভূমিকা ছিল। আগস্টের সহিংসতার পর দীর্ঘ কয়েক দশকের সামাজিক নির্ভরশীলতার এই সম্পর্কও এ মুহূর্তে ভেঙে পড়েছে।
তৃতীয় বিষয়টি হচ্ছে রাখাইনের ভবিষ্যৎটা কেমন। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের বঞ্চনা থেকে আরসার উৎপত্তি সেটা বলাই বাহুল্য। আরসার উদ্ভবের শুরুটা রোহিঙ্গাদের চরম বঞ্চনা ও হতাশার এক বহিঃপ্রকাশ। নিজেদের জীবন নিয়ে একদল তরুণ সহিংস পথ বেছে নিয়ে অন্যদেরও এ পথে যুক্ত হওয়ার ডাক দিয়েছে। এরা সহিংসতা চলার সময়ও যথেষ্ট সক্রিয় থেকেছে। ফলে আশা-নিরাশার এই জীবনে ফিরতে রোহিঙ্গারা কতটা উদ্বুদ্ধ হবে, সেই প্রশ্ন শেষ পর্যন্ত থেকেই যাচ্ছে।
এবারের অভূতপূর্ব রোহিঙ্গা সংকট বাংলাদেশের, বিশেষ করে দেশের কূটনীতির জন্য ছিল একটা বড় পরীক্ষা। কারণ এই সমস্যার সঙ্গে সব সময় মানবিক, রাজনৈতিক ও কৌশলগত দিক রয়েছে। সরকার শুরু থেকেই মানবিক দিককে সামনে রেখে এগিয়েছে। আর এর চূড়ান্ত সমাধান চেয়েছে রাজনৈতিকভাবে। অর্থাৎ রোহিঙ্গাদের এই ভূখণ্ডে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের রাখাইনে ফিরে যাওয়ার জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি, সে বিষয়টাতে জোর দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সমস্যাটি নিয়ে কথা বলার সময় এ বিষয়গুলো বাংলাদেশ প্রাধান্য দিয়েছে। পাশাপাশি সমস্যা নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছে। এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে। বাংলাদেশের খুব স্পষ্ট নৈতিক অবস্থানের কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ ও মানবাধিকার কাউন্সিলে বেশ কয়েকবার ভোটাভুটি, বৈঠক ও আলোচনা হয়েছে। প্রস্তাব নেওয়া হয়েছে ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপীয় কাউন্সিলেও। তবে নির্মম হলেও সত্যি, রোহিঙ্গা সংকটে বাংলাদেশ তার কাছের বন্ধু ভারত, চীন ও রাশিয়াকে যেভাবে পাশে পেতে চেয়েছিল, সেভাবে পায়নি। গুরুত্বপূর্ণ এই তিন দেশের মধ্যে জাতিসংঘের ভোটাভুটিতে চীন ও রাশিয়া মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছে। আর ভোট দেওয়া থেকে নিজেকের দূরে সরিয়ে রেখেছে ভারত। যদিও রাখাইনে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে সেখানে প্রি ফেব্রিকেটেড হাউস তৈরির জন্য মিয়ানমারের সঙ্গে চুক্তি সই করেছে ভারত।