নটর ডেম কলেজে নিজস্ব নীতিমালায় ভর্তি চালু রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নটর ডেম কলেজের নিজস্ব নীতিমালায় ভর্তি-প্রক্রিয়া চালু রাখতে স্থায়ী অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন অধ্যাপক।

গতকাল মঙ্গলবার নটর ডেম কলেজ শিক্ষা ঐতিহ্য রক্ষা কমিটির নামে পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের ওপর শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইনে ছাত্রভর্তি নীতিমালা চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় আমরা উদ্বিগ্ন। কলেজটি ৬৪ বছর ধরে নিজস্ব নীতিমালার মাধ্যমে ভর্তি-প্রক্রিয়াসহ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং দেশ ও জাতিকে একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী উপহার দিচ্ছে।’

পাঁচজন শিক্ষক আরও বলেন, দুই বছর ধরে শিক্ষা মন্ত্রণালয় কিছু কলেজে অনলাইনে ছাত্র ভর্তি করার যে নিয়ম চালু করেছে, তা নটর ডেম কলেজের প্রণীত নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে নটর ডেম কলেজ তাদের নিজস্ব নীতিমালার মাধ্যমে ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করার অনুমোদন চেয়ে গতবারের মতো এবারও হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তা বহাল রাখার সাময়িক অনুমোদন দিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক আবদুস সবুর খান ও অধ্যাপক আবু মূসা মো. আরিফ বিল্লাহ।  বিজ্ঞপ্তি।