নটর ডেম কলেজে বিজ্ঞান উৎসব শুরু

ভবিষ্যৎ বিজ্ঞানীদের উৎসাহ, উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হলো লংকাবাংলা নটর ডেম বার্ির্ষক বিজ্ঞান উৎসব ২০১৩। গতকাল বৃহস্পতিবার নটর ডেম কলেজে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
দিলীপ বড়ুয়া বলেন, বিজ্ঞান চর্চার মধ্য দিয়েই দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। অনুষ্ঠানে বক্তব্য দেন জীববিজ্ঞানী ও নটর ডেম বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা আর ডব্লিউ টিম, কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও, উপাধ্যক্ষ বকুল রোজারিও, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের উপমহাব্যবস্থাপক খাজা শাহরিয়ার প্রমুখ।
উৎসবে ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজারের অধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রদর্শন করা হচ্ছে ৪১৫টি বৈজ্ঞানিক প্রকল্প।
আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত প্রকল্পগুলোর প্রদর্শনী চলবে। উৎসবের আয়োজন করেছে নটর ডেম কলেজ বিজ্ঞান ক্লাব।