নটর ডেম কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলার অষ্টম দিনে রাজধানীর নটর ডেম কলেজে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় কুইজভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী। কলেজ পর্যায়ে কুইজভিত্তিক সাধারণ জ্ঞানের শ্রেণীগত প্রতিযোগিতায় নিজেদের সেরা প্রমাণ করেছে ঢাকা কলেজের মাইনুর রশীদ ও মাহফুজ বিন তাসিক। স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের উচ্ছ্বাস আবদুল্লাহ ও আল যায়েদ সেরা হয়েছে।কলেজ পর্যায়ের প্রতিযোগিতায় রানারআপ হয়েছে নটর ডেম কলেজের নিলয় ইরিক কস্তা ও মো. সৌরভ হাসান। এ ছাড়া স্কুল পর্যায়ে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের সুদীপ্ত রহমান ও তানভীর ইসলাম রানারআপ হয়েছে।সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় জুনিয়র পর্যায়ে (স্কুল) প্রায় ২০০ এবং সিনিয়র পর্যায়ে (কলেজ) ২০০ প্রতিযোগী অংশ নেয়। ছয়টি স্কুল থেকে দুজন করে মোট ১২ জন শিক্ষার্থী সাধারণ জ্ঞানের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।গতকাল থেকে নটর ডেম কলেজে শুরু হয়েছে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী। চলবে আজ শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত।শিক্ষার মান উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে দুই সপ্তাহ ব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলা। মেলায় সহযোগিতা করছে প্রথম আলো ও সময় টেলিভিশন।