নটর ডেম কলেজের ছাত্র রাকিবকে শ্বাসরোধে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নটর ডেম কলেজের ছাত্র রাকিবুল ইসলাম অলয়কে (১৭) আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত হয়েছে পুলিশ।
সম্প্রতি ওই প্রতিবেদন তাঁদের কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান।
আনিসুর রহমান জানান, রাকিবুল হত্যাকাণ্ডের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর গ্রেপ্তার হওয়া আসামিদের পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে রিমান্ড আবেদনের শুনানি হবে। রিমান্ডে নেওয়া হলে হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
নিখোঁজের তিন দিন পর গত ২৬ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে শীতলক্ষ্যা নদী থেকে নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় রাকিবুলের বাবা বাদী হয়ে তার তিন সহপাঠী ও প্রেমিকাকে আসামি করে মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের দুই দফা নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।