নটর ডেম কলেজের ১৯৯১ ব্যাচের পুনর্মিলনী: ফিরে গেলেন তাঁরা ২৭ বছর আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন নটর ডেম কলেজের ১৯৯১ ব্যাচের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন নটর ডেম কলেজের ১৯৯১ ব্যাচের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

যেন তাঁরা টাইম মেশিনে চড়েছিলেন। একেক জন আসছেন, আর চড়ে বসছেন সেই মেশিনে। ফিরে যাচ্ছিলেন পুরোনো দিনে। স্মৃতিরা সব একসঙ্গে যেন হুড়মুড় করে এসে ঝাঁপিয়ে পড়ছিল। একজন আরেকজনকে দেখে জড়িয়ে ধরছিলেন। আলিঙ্গন শেষে ছুটতে থাকে কথার ফুলঝুরি। কথা বলার ঢঙে তারুণ্যের ছোঁয়া। হঠাৎ করে আচরণও যেন হয়ে পড়েছে কম বয়সীদের মতো। যদিও সবার বয়স চল্লিশের কোঠায়। প্রতিষ্ঠিত প্রত্যেকেই।

কেন তবে তাঁদের শিশুসুলভ এই আচরণ। কারণ দীর্ঘ ২৭ বছর বছরের দূরত্ব। মনের দূরত্ব না থাকলেও সময়ের সঙ্গে নিজেদের প্রয়োজনে তাঁরা ছড়িয়ে-ছিটিয়ে গেছেন দেশ-বিদেশের নানা প্রান্তে। তবে এই বাধা দূরে ঠেলে দিয়ে আজ জড়ো হয়েছিলেন ঢাকার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে। সেখানে সবার একটি পরিচয়ই ছিল, সেটা হচ্ছে—ওঁরা নটর ডেম কলেজের ১৯৯১ ব্যাচের শিক্ষার্থী।

বাংলাদেশে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৭ বছর আগে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বিদায় নিয়েছিলেন তাঁরা। ১৯৯১ সালের এই ব্যাচটির প্রায় ৩০০ শিক্ষার্থী প্রথমবারের মতো আয়োজিত এই বর্ণিল মিলনমেলায় নাম লেখান।

গলফ ক্লাবের বিশাল অডিটোরিয়ামে ছিল আনন্দ ভরা উল্লাস। নেচে-গেয়ে, গান শুনিয়ে, স্মৃতিচারণা করে ডুবে যান তাঁরা।
দিনব্যাপী এই মিলনমেলার শুরুটা হয় ‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়/ ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে।
এর পর যাঁদের কাছ থেকে দীক্ষা নিয়ে, জ্ঞান আহরণ করে পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, সেই শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর্ব চলে। এ ছাড়া র‍্যাফেল ড্রসহ ছিল নানা আয়োজন।
কেবল ৯১ ব্যাচের শিক্ষার্থীরা নন, তাঁদের স্ত্রী, ছেলেমেয়েরাও অংশ নেন পুনর্মিলনী অনুষ্ঠানে।

তবে একটিমাত্র মিলনমেলা আয়োজনে করেই থেমে যেতে চান না নটর ডেমের সাবেক এই শিক্ষার্থীরা। উদ্যোক্তাদের একজন জহিরুল ইসলাম বলেন, পুনর্মিলনী আয়োজন করতে দীর্ঘ দুই মাস ধরে চলেছে তাঁদের প্রস্তুতি। গত ২ মার্চ নটর ডেম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আয়োজিত হয়। সেখানে ৯১ ব্যাচের অর্ধশত শিক্ষার্থীর দেখা হয়। পুনর্মিলনী আয়োজনের ভাবনা সেখান থেকে চলে আসে। হিসাব করে দেখা যায়, ওই ব্যাচে প্রায় ১২০০ শিক্ষার্থী ছিলেন। ফেসবুকে পুনর্মিলনীর আয়োজনের সময় জানানো হয়। এরপর প্রায় ৩০০ শিক্ষার্থী নাম তালিকাভুক্ত করেন। তাদের পরিবারের সদস্য মিলিয়ে ৫০০ জনের বেশি এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন।