নটর ডেমে ফলাফলের ধারা একই রকম

ফলাফল বেরোনোর ঘণ্টা দুয়েক আগে থেকেই রাজধানীর নটর ডেম কলেজে শিক্ষার্থীদের ভিড় বাড়ছিল। অভিভাবকেরাও ক্ষণে ক্ষণে খোঁজ নিচ্ছিলেন কলেজের অফিসে। তবে বেলা দুইটার কিছু পর থেকেই থেমে থেমে শোনা যাচ্ছিল শিক্ষার্থীদের উল্লাসধ্বনি। ইন্টারনেটে ফলাফল দেখে কেউ যেমন আশা পূরণের আনন্দে ভেসেছেন, কারও আবার সঙ্গী হয়েছে মনোভঙ্গের বেদনা।
২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় নটর ডেম কলেজে পাসের হার গত বছরের তুলনায় কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫। গত বছর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক মিলিয়ে কলেজটির শিক্ষার্থীদের সম্মিলিত পাসের হার ছিল ৯৯ দশমিক ১৮ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৯৮ শতাংশে। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২ হাজার ৬৩৯ জন। তাঁদের মধ্যে অকৃতকার্য হয়েছেন ৫৬ জন।
তবে পাসের হার কিছুটা কমলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। ২০১৫ সালে কলেজটির মোট ১ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭১ জনে। তাঁদের মধ্যে বিজ্ঞান শাখা থেকেই পেয়েছেন ১ হাজার ৩৪০ জন।
এইচএসসি পরীক্ষায় কলেজের শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও বলেন, ‘আমাদের ফলাফলের ধারা একই রকম থাকে। তেমন কোনো ওঠা-নামা হয় না। তবে মানবিকে এবার অকৃতকার্য বেশি। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ফলাফল আগের মতোই আছে।’
অধ্যক্ষ বলেন, ‘নটর ডেম কলেজে গ্রাম থেকে অনেক শিক্ষার্থী পড়তে আসেন। তাঁদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না। কিন্তু তাঁরাও এইচএসসিতে জিপিএ-৫ পান। এটিই এই কলেজের সুন্দর দিক।’