নড়বড়ে কাঠের সেতুটি পাকা হবে কবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চৌড়াপাড়া খালের ওপর ২৫ বছর আগে নির্মাণ করা কাঠের সেতুটির এখন নড়বড়ে অবস্থা। কাঠ পচে গেছে। ঝুঁকি নিয়ে পার হয় মানুষ। মাঝেমধ্যে কাঠ ভেঙে পানিতে পড়ে মানুষ আহত হয়। সেখানে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। কিন্তু এলাকাবাসী জানে না, কবে পাকা হবে তঁাদের এই কাঠের সেতু।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভৌমিকপাড়া থেকে চৌড়াপাড়া হয়ে পাঁচ কিলোমিটার খালটি ব্রহ্মপুত্র নদে গিয়ে মিলেছে। ২৫ বছর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের অর্থায়নে চৌড়াপাড়ায় কাঠের সরু সেতুটি নির্মাণ করা হয়। প্রায় পাঁচ বছর আগেই সেতুটি বেহাল হয়ে পড়ে। অনেক অংশের কাঠ ভেঙে ফাঁকা হয়ে গেছে।
চৌড়াপাড়া গ্রামের বাসিন্দা ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরু মিয়া বলেন, একই স্থানে একটি পাকা সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসী পাঁচ বছর ধরেই আন্দোলন করে আসছেন। এর অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এখনো এই আন্দোলন অব্যাহত আছে। কিন্তু সেতুটি নির্মাণ করা হয়নি। তিনি আরও বলেন, এই পাঁচ বছরের মধ্যে বেহাল সেতুটি পার হতে গিয়ে কাঠ ভেঙে অন্তত ৩৩ জন পানিতে পড়ে আহত হয়। তাদের মধ্যে আটজনের হাত-পা ভেঙে গেছে।
নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান দেওয়ান উদ্দিন বলেন, ‘মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ এই সেতুটি পাকা করার জন্য আমি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু সেতুটি পাকা হচ্ছে না। এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী নুর নবী পাঠান গত বৃহস্পতিবার বলেন, ‘আমরা সেতুটি পাকা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা প্রথম আলোকে বলেন, ‘আশা করি, আগামী অর্থবছরে অর্থ বরাদ্দ পাওয়া যাবে। তখন সেতুটি পাকা করা যাবে।’