নড়বড়ে সাঁকোই ভরসা ২৫ হাজার মানুষের
বাঁশের তৈরি প্রায় ৫০০ ফুট দীর্ঘ নড়বড়ে ঝুঁকিপূর্ণ একটি সাঁকো। এই সাঁকোই ২৫ হাজার সাধারণ মানুষের ভরসা৷ এটি মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কেশবপুর এলাকায় শাখা বরাক নদীর ওপর নির্মিত৷ এই সাঁকোর একটু দূরেই ঢাকা-সিলেট মহাসড়ক। কিন্তু ওই মহাসড়কের সঙ্গে এলাকাবাসীর সরাসরি যোগাযোগ নেই৷
স্থানীয় লোকজন জানান, মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সাটিয়া, নাজিমপুর, ফরাসতপুর, আলিমপুর, গুরারাই, ফরিদপুর এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ধর্মনগর, দেওয়াননগর, ছঘর, বৈঠাকাল, দৌলতপুর, নওয়াহাটি, ফরিদপুর, সিট ফরিদপুরসহ ২০ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের কাছাকাছি হচ্ছে নবীগঞ্জের আউসকান্দি বাজার। এই বাজার হয়েই তাঁরা সব সময় সারা দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। আউসকান্দিই হচ্ছে এলাকার সবচেয়ে বড় ও কাছের হাট বা ব্যবসাকেন্দ্র এবং স্কুল-কলেজ ও মাদ্রাসা এবং দূরবর্তী স্থানে যাতায়াতের কেন্দ্র। কিন্তু ওই নদীর (কারও কাছে মরা বরাক, এবাবরাক, অন্ধবরাক) ওপর সেতু না থাকায় ওইসব এলাকার মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে৷ বর্ষাকালে সাঁকোর দুই পাশ ডুবে যায়। তখন ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া সম্ভব হয় না। এই সাঁকো থেকে কয়েক শ ফুট দূরেই ঢাকা-সিলেট মহাসড়ক।
সম্প্রতি কেশবপুরে বিদ্যুতায়ন উদ্বোধন করতে গিয়ে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহিসন আলী ওই নদীর ওপর সেতু নির্মাণের আশ্বাস দেন।
কেশবপুর গ্রামের বাসিন্দা আব্দুল বশির বলেন, ‘এলাকাটি মৌলভীবাজারের শেষ প্রান্ত হওয়ায় আমাদের বাজার-ব্যবসা, স্কুল-কলেজ, মাদ্রাসা—সবই নদীর ওপারের আউসকান্দিতে।’ কেশবপুরের আরেক গ্রামবাসী আব্দুর রব (৬৭) বলেন, ‘২০-২৫ বছর ধরে আমরা সেতুর জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো তা হয়নি।’
খলিলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, নদী পার হলেই হাইওয়ে। কিন্তু সেতু না থাকায় ওই সড়কের সঙ্গে মানুষের সরাসরি কোনো যোগাযোগ নেই।
এলজিইডি (স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নূর নবী বলেন, ‘মন্ত্রী (সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহিসন আলী) গিয়েছিলেন সেখানে। আমরা সেতু তৈরির উদ্যোগ নিচ্ছি। অনেক বড় সেতু হবে। প্রায় ৫০০ ফুট লম্বা।’