নড়বড়ে সেতু, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সদর উপজেলার হরীতকীতলা এলাকার বেইলি সেতুর পাটাতনের ফাঁকে পড়ে আটকে গেছে ট্রাকের চাকা। সংস্কার না করায় সেতুটির বেশ কয়েকটি পাটাতন আলগা হয়ে আছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
নীলফামারীর সদর উপজেলার হরীতকীতলা এলাকার বেইলি সেতুর পাটাতনের ফাঁকে পড়ে আটকে গেছে ট্রাকের চাকা। সংস্কার না করায় সেতুটির বেশ কয়েকটি পাটাতন আলগা হয়ে আছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

নীলফামারী সদর উপজেলার হরতকিতলা এলাকার যমুনেশ্বরী নদীর ওপর নির্মিত বেইলি সেতু দিয়ে আবারও ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার ওই সেতুর একটি পাটাতনের ফাঁকে ট্রাকের চাকা আটকে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) যথাযথভাবে সংস্কার না করায় বারবার সেতুর পাটাতন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগে গত ২৮ মার্চ ওই সেতুর দক্ষিণ অংশে একটি পাটাতন দেবে যায়। সে সময়ে তিন দিন সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। ওই সময় সংস্কার করে এটি যানবাহন চলাচলের উপযোগী করা হয়।
স্থানীয় লোকজন জানান, ২০১৩ সালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সেতুর পাটাতনগুলো খুলে ফেলেন। ওই সময়ও সেতুটি সংস্কার করা হয়েছিল। তবে সঠিকভাবে না করায় আবারও পাটাতন দেবে বা সরে গিয়ে ভারী যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। সেতুটি দিয়ে নীলফামারী সদর উপজেলা থেকে ডোমার, ডিমলা এবং পাশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় যাতায়াত করা যায়।
সওজের নীলফামারী কার্যালয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে নীলফামারী-ডিমলা সড়কের হরতকিতলা মোড়ের যমুনেশ্বরী নদীর ওপর নির্মিত পাকা সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় এই সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ওই স্থানে একটি বেইলি সেতু নির্মাণ করে সওজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যায় একটি মালবাহী ট্রাক পার হচ্ছিল। এ সময় পাটাতন সরে গিয়ে ট্রাকটির চাকা আটকে যায়।
ওই এলাকার পলাশবাড়ি গ্রামের লিটন হোসেন বলেন, ভারী যানবাহন সেতুর ওপরে উঠলেই লোহার পাত সরে এবং দেবে গিয়ে দুর্ঘটনা ঘটে।
শনিবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, সেতুর ওপর লাগানো বিভিন্ন স্থানের সাত-আটটি পাটাতন সরে ও দেবে গেছে। সরে যাওয়া একটি পাটাতনের ফাঁকে সামনের একটি চাকা ঢুকে আটকে আছে একটি ট্রাক। এ সময় ওই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে মোটরসাইকেল, অটোরিকশা, বাইসাইকেল ঝুঁকি নিয়ে চলছে।
সেতুতে আটকে থাকা ট্রাকের চালক মোহাম্মদ সোহেল বলেন, ‘শুক্রবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে বাদাম নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হই। সন্ধ্যা ছয়টার দিকে সেতুতে লোহার পাতের ফাঁকে চাকা আটকে যায়।’
সওজের নীলফামারী কার্যালয়ের পিয়ন রফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলেও ওই সেতুর মেরামতকাজ করা হয়েছিল। এরপর ট্রাকটির চাকা আটকে যায়। শনিবার রাতে সেতুর পাটাতনের ফাঁকে আটকে থাকা ট্রাকের চাকা তোলা হয়েছে।
সওজের নীলফামারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিকী বলেন, ভারী যানবাহনের চাপ বাড়ার কারণে সেতুটি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাপ কমানোর জন্য এর পাশে আরেকটি অস্থায়ী বেইলি সেতু স্থাপনের কাজ চলছে। সেটি করতে এক মাস সময় লাগবে। আগামী অর্থবছরের মধ্যে সেখানে পাকা সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে।