নড়াইলে আজ থেকে সুলতান মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে সাত দিনব্যাপী সুলতান মেলা শুরু হচ্ছে আজ রোববার। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, রোববার মেলা শুরু হলেও সোমবার বেলা তিনটায় অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার মেলার সমাপনী দিন ২১ জানুয়ারি বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুলতান পদক বিতরণ করবেন।

এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ বলেন, এ বছর সুলতান স্বর্ণপদক পাচ্ছেন প্রখ্যাত চিত্রশিল্পী হাশেম খান।

এস এম সুলতানের জন্ম ১০ আগস্ট। ১৯৯২ সাল থেকে ওই দিনে সুলতান মেলা উদ্‌যাপিত হলেও বর্ষার কারণে ২০০৩ সাল থেকে মেলার দিনক্ষণ পিছিয়ে যায়।