নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় বিএন​পির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার নড়াইলের সদর আমলি আদালতে মামলাটি করেন কালিয়া উপজেলার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ জাকারিয়া মামলাটি আমলে নিয়ে বিচারিক তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, এটা নিয়েও বিতর্ক আছে।’ এ ছাড়া তিনি (খালেদা) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাঁকে (বঙ্গবন্ধু) ইঙ্গিত করে বলেন, ‘তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। স্বাধীন বাংলাদেশ চাননি।’ এই বক্তব্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়। পত্রিকা পড়ে ক্ষুব্ধ হয়ে রায়হান ফারুকী খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা করেন।