নড়াইলে গ্রেপ্তার আতঙ্কে তিন গ্রামের পুরুষ গ্রামছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হত্যা মামলায় অজ্ঞাতনামা কয়েক শ জনকে আসামি করায় নড়াইল সদর উপজেলার দুটি ও কালিয়া উপজেলার একটি গ্রামের পুরুষেরা গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘরে আসতে পারছেন না। পরিবারের নারী সদস্যরাও নিরাপত্তাহীনতার কারণে ঘর থেকে বের হতে পারছেন না।
গ্রামগুলো হলো বাসগ্রাম ইউনিয়নের বাসগ্রাম, ভদ্রবিলা ইউনিয়নের ডহর রামসিধি এবং চাচুড়ি ইউনিয়নের বিষ্ণুপুর।
গত ৩০ জুন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত হোসেন, বাসগ্রাম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও চাচুড়ি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান একপক্ষ। ওই তিন এলাকার আধিপত্য নিয়ে বাসগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হীরক মোল্যা, আওয়ামী লীগ নেতা নাজমুল মোল্যা ও নান্না মোল্যার সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত বছরের ৩০ নভেম্বর চাচুড়ি ইউনিয়নের কলিমন বাসগ্রামে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভদ্রবিলা ইউপি চেয়ারম্যানের ভাই মহসিন সিকদার নিহত এবং ৩০ জন আহত হন। এ সময় ১১টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় নাজমুল মোল্যা, হীরক মোল্যা, নান্না মোল্যাসহ অজ্ঞাতনামা কয়েক শ ব্যক্তিকে আসামি করে ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন কালিয়া থানায় মামলা করেন।
এরপর উভয় পক্ষের সমর্থকদের মধ্যে চারবার সংঘর্ষ হয়েছে। গত ২ জুন বিকেলে রামসিধি মোড়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হন। এ ছাড়া গত শনিবার বিকেলে নান্না মোল্যার ভাই মাসুদ মোল্যাকে (২৬) প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাঁকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি মতিয়ার রহমান বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বাসগ্রাম বাজারে রিজার্ভ পুলিশের একজন সুবেদারের নেতৃত্বে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। যাঁরা বাড়িঘরে ফিরতে ভয় পাচ্ছেন, নির্ভয়ে তাঁরা বাড়িঘরে ফিরতে পারেন বলে জানান তিনি।