নড়াইলে চলছে ভাষা প্রতিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল শহরে আজ সকালে বেলুন উড়িয়ে প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগের আঞ্চলিক পর্বের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। ছবিটি নড়াইল বালক বিদ্যালয় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
নড়াইল শহরে আজ সকালে বেলুন উড়িয়ে প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগের আঞ্চলিক পর্বের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। ছবিটি নড়াইল বালক বিদ্যালয় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

নড়াইলে চলছে প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগের আঞ্চলিক পর্বের অনুষ্ঠান। আজ শুক্রবার সকাল পৌনে ১০টায় নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে নড়াইল বন্ধুসভার সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এ সময় ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনিরা সুলতানা জাতীয় পতাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন।
ভাষা প্রতিযোগের আঞ্চলিক পর্বের এ অনুষ্ঠানে রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার মোট ৯৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—এ চারটি ভাগে বিভক্ত হয়ে ভাষা প্রতিযোগের পরীক্ষায় অংশগ্রহণ করছে।
১০টা থেকে শুরু হওয়া এক ঘণ্টার পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নোত্তর পর্ব হবে। এ পর্বে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেবেন। আঞ্চলিক পর্বের এ অনুষ্ঠান থেকে জাতীয় পর্বের জন্য ৬০ জন শিক্ষার্থীকে বাছাই করা হবে। অনুষ্ঠানের শেষাংশে ভাষা প্রতিযোগে বিজয়ীদের সনদ ও মেডেল দেওয়া হবে।