নড়াইলে জাল দলিলে ১৭ একর জমি দখলের চেষ্টা
জাল দলিল তৈরি করে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে ছয় ব্যক্তির ১৭ একর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ওই চক্রের সদস্যরা হুমকি দেওয়ায় জমির মালিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর ধরে এলাকার একটি সংঘবদ্ধ চক্র ভুয়া দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা করছে। দেড় মাস আগে ওই চক্রের সদস্যরা এড়েন্দা গ্রামের অনীল কুমার দত্তের নয় একর ৩০ শতক জমি দখলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় অনীল থানায় অভিযোগ দিলে পুলিশ জমি দখলের চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে কচুবাড়িয়া এলাকার জাবের মিয়া ও হুমাই ঠাকুরকে গ্রেপ্তার করে। জামিনে বেরিয়ে এসে তিনি অনীলকে হুমকি দিচ্ছেন।
অনীল কুমার জানান, সম্প্রতি পদ্মবিলা গ্রামের আবদুল হামিদ শেখের ছেলে সোনা মিয়া ভুয়া দলিল দিয়ে তাঁর তিন একর ১৪ শতক খ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি তাঁদের অনুকূলে অবমুক্ত করানোর জন্য আদালতে মামলা করেছেন। তাঁরা তাঁর আরও ছয় একর ১৬ শতাংশ জমি রেকর্ড সংশোধনের মামলা করেছেন।
এড়েন্দা গ্রামের অশোক নন্দী ও অরবিন্দ নন্দী অভিযোগ করেন, সোনা মিয়া জাল দলিল তৈরি করে তাঁদের দুজনের এক একর ১০ শতাংশ জমি দখলের চেষ্টা করছেন। কচুবাড়িয়া গ্রামের কিশোর রায় জানান, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাঁর পাঁচ একর জমি ভুয়া কাগজপত্র তৈরি করে দখলের চেষ্টা করছেন। একই গ্রামের কামরুল হাসান জানান, তাঁর এক একর ৫৪ শতাংশ জমি জাল দলিল করে দখলের পাঁয়তারা করছেন একই গ্রামের সিরাজুল ইসলাম ও তাঁর সঙ্গীরা। রামপুর গ্রামের টিটো জানান, তাঁর এক একর ৫ শতক জমি জালিয়াত চক্র দখলের চেষ্টা করছে। বর্তমানে ওই জমির আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন জানান, স্থানীয় সোনা মিয়া, সিরাজুল ইসলাম, জাবের মিয়া, হুমাই ঠাকুরসহ কয়েকজন জমি জালিয়াতি চক্রের সদস্য।
সোনা মিয়া মুঠোফোনে জানান, তিনি অনীল দত্ত ও অন্যদের জমি দখল করার চেষ্টা করছেন না। ওই সব জমির মধ্যে কিছু জমি তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন এবং কিছু জমি দলিলমূলে কিনেছেন। স্থানীয় কিছু লোক তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জমির কাগজপত্র দেখতে চাইলে তিনি এ প্রতিবেদককে সামনাসামনি কথা বলার প্রস্তাব দেন।
জাবের মিয়া ও হুমাই ঠাকুর জমি দখলের চেষ্টা করার কথা অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেন, তাঁরা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
কাশিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমি এখানে দুই মাস আগে যোগদান করেছি। জাল দলিল করে কেউ সম্পত্তি দখল করার চেষ্টা করছে কি না, তা আমার জানা নেই।’
কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, একটি চক্র জাল দলিল দিয়ে স্থানীয় লোকজনের জমি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। এঁদের মধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু তাঁরা জামিনে বেরিয়ে এসেছেন।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, জাল দলিল দিয়ে জমি দখলের চেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।