নড়াইলে দরপত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে প্রায় দেড় কোটি টাকার দরপত্র জমাদানকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দুপুরে ক্ষমতাসীন দলের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে নড়াইল-১ আসনের
সাংসদ কবিরুল হকের দুই শ্যালকসহ ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, এই বিভাগের অধীন লোহাগড়া উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণে সম্প্রতি এক কোটি ৪৪ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। বৃহস্পতিবার ছিল দরপত্র জমাদানের শেষ দিন।
বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ কবিরুল হকের দুই শ্যালক মোখলেছুর রহমান ও বশির আহম্মেদ জেলা প্রশাসকের কার্যালয়ে দরপত্র জমা দিতে যান। সেখানে আগে থেকেই অবস্থানরত জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খন্দকার আল মাশরুফ বিল্লাহ, যুবলীগের খোকনসহ ১০-১২ জন ঠিকাদার মোখলেছ ও বশিরের কাগজপত্র ছিনিয়ে নিয়ে তাঁদের কিল-ঘুষি মারতে থাকেন।
সংঘর্ষের সময় মোখলেছ ও বশিরের কাছে থাকা সাড়ে তিন লাখ টাকার পে-অর্ডারও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জের ধরে বেলা দেড়টার দিকে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে যুবলীগের নেতা রানা সরদার (৩০), সাবু (২৫), জসিমসহ (৩০) অন্তত ১০ জন আহত হন।
আহত ব্যক্তিদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে রানার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। রানা নড়াইল শহরসংলগ্ন সীমাখালী গ্রামের মণি সরদারের ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে মাশরুফ বিল্লাহ সংঘর্ষের কথা অস্বীকার করেন। তিনি বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে কথা-কাটাকাটি হয়েছে।
গণপূর্ত বিভাগ নড়াইলের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আশেক রসুল বলেন, ‘দরপত্র ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কাওসার সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, দরপত্র জমাদানের সময় কেন পুলিশ ছিল না, সে ব্যাপারে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চাওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে গতকাল শুক্রবার পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেননি।