নড়াইলে পর্যটন ব্যবসায় ধস রাজস্ব মওকুফের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ ও হরতালের কারণে নড়াইলের চারটি পর্যটনকেন্দ্র বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পর্যটক না আসায় ৫ জানুয়ারি থেকে দুই মাসে এসব কেন্দ্রের মালিকদের প্রায় ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেছেন। ক্ষতি পুষিয়ে নিতে মালিকেরা দুই বছরের রাজস্ব মওকুফের দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বাণিজ্যিকভাবে নড়াইলে চারটি পর্যটনকেন্দ্র গড়ে উঠেছে। এগুলো হলো লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক স্পট ও স্বপ্নবীথি, কালিয়া উপজেলার অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব এবং সদর উপজেলার চিত্রা রিসোর্ট। এ ছাড়া রয়েছে চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেক্স ও জমিদারবাড়ি। এসব পর্যটনকেন্দ্র ঘিরে ব্যাপক লোকের কর্মসংস্থান হয়েছে। কিন্তু এ বছরের শুরু থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ ও হরতালের কারণে এসব পর্যটনকেন্দ্রে কোনো পর্যটক আসছেন না।
সরেজমিনে দেখা গেছে, বনভোজন ও শিক্ষা সফরের ভরা মৌসুমেও পর্যটনকেন্দ্রগুলোতে লোকজনের উপস্থিতি খুবই কম। এতে আর্থিক সংকটে পড়েছেন পর্যটনকেন্দ্রের মালিক ও কর্মচারীরা।
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ব্যবস্থাপক সাজিকুল ইসলাম বলেন, প্রায় ৫৫ একর জমির ওপর পর্যটনকেন্দ্রটি প্রতিষ্ঠিত। এখানকার বিভিন্ন পশু-পাখির জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার টাকার খাবার কিনতে হয়। স্থায়ী ও অস্থায়ী কাজে প্রায় ২০০ কর্মচারী কাজ করেন। তবে আর্থিক সংকটের কারণে ইতিমধ্যে ৪৫ জনকে ছাঁটাই করা হয়েছে।
নিরিবিলি পিকনিক স্পটের মালিক মো. মফিজুর রহমান বলেন, কর্মচারীরা প্রতিদিন পিকনিক স্পটের প্রবেশদ্বার খুলে বসে থাকে। কিন্তু পর্যটক নেই। হরতাল-অবরোধের কারণে কেউ আসছে না। আশায় আশায় থেকে মৌসুম শেষ হয়ে গেল। লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কীভাবে পূরণ হবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আমাদের দুই বছরের রাজস্ব মওকুফ করতে হবে।’ শহরের চিত্রা নদীর সীমাখালী এলাকায় গড়ে ওঠা চিত্রা রিসোর্টের অবস্থাও একই।
এস এম সুলতান কমপ্লেক্সের সহকারী কিউরেটর লিটন কুমার বিশ্বাস বলেন, হরতাল-অবরোধের আগে কমপ্লেক্সে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ পর্যটক আসত। বর্তমানে ২০ থেকে ৩০ জন আসছে।
ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান মো. খবির উদ্দীন আহমেদ বলেন, চলমান সহিংস পরিস্থিতির কারণে নড়াইলে পর্যটনশিল্পে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। অরুনিমা রিসোর্টটিতে দেশি-বিদেশি পর্যটক আসতে পারছে না। এতে এক মাসে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, এ ক্ষতি পুষিয়ে নিতে অন্তত দুই বছরের রাজস্ব মওকুফ করতে হবে।