দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় নড়াইল ও কালিয়ার পাঁচ ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী এবং শৃঙ্খলা ভঙ্গ করায় কালিয়া উপজেলার দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। মেয়র প্রার্থীরা হলেন নড়াইল সদরের মো. সোহরাব হোসেন বিশ্বাস ও সরদার আলমগীর হোসেন এবং কালিয়া উপজেলার এমদাদুল হক, সোহেলী পারভীন ও মো. মুশফিকুর রহমান। আর দুই নেতা হলেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ।
জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ মেয়র প্রার্থীকে বহিষ্কারের খবর ১৮ ডিসেম্বর এবং দুই নেতাকে বহিষ্কারের খবর গতকাল বৃহস্পতিবার জানানো হয়। সিদ্ধান্ত দুটি দলীয় সভানেত্রী, সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় সম্পাদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিচালক ডিজিএফআই, জেলা প্রশাসক, পুলিশ সুপারকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
মেয়র প্রার্থী সোহরাব হোসেন বিশ্বাস জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নারকেলগাছ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলমগীর হোসেন জগ এবং কালিয়ার বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমদাদুল হক নারকেলগাছ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুশফিকুর রহমান চামচ, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেলী পারভীন এবং কালিয়া পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগ প্রতীক নিয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের প্রত্যেকের দাবি, তাঁরা কেউ বিদ্রোহী প্রার্থী নন।
মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নড়াইল পৌরসভায় জাহাঙ্গীর হোসেন বিশ্বাস এবং কালিয়ায় ওয়াহিদুজ্জামান হিরা নির্বাচনে অংশ নিচ্ছেন।
সোহরাব হোসেন বলেন, ‘জেলা আওয়ামী লীগের অনুমোদিত কোনো কমিটি নেই। তাই অননুমোদিত সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে বহিষ্কারের কোনো এখতিয়ার রাখে না। কেন্দ্রীয় কমিটি কর্তৃক কারণ দর্শাও নোটিশ পেয়ে তার জবাবও দিয়েছি। ফলে এ বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি নেবে। এ নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। এ নির্বাচনে আমিসহ সাতজন মেয়র পদে অংশ নিচ্ছেন। নির্বাচনে আমি বিজয়ী হব।’
কালিয়ার এমদাদুল হক বলেন, ‘বহিষ্কার করলে করবে। এ নিয়ে ভাবি না। নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ী হব।’ সোহেলী পারভীন বলেন, ‘দল থেকে বহিষ্কার করবে জেনেই নির্বাচনে নেমেছি। নির্বাচনে বিজয়ের মালা পরে আবার দলে ফিরব।’ মুশফিকুর রহমান বলেন, ‘আমি আওয়ামী লীগের একজন সমর্থক। কোনো কমিটিতে আমার নাম নেই। কোনো দিন মিটিংয়েরও চিঠিপত্র পাইনি। দলের নেতারা আমারে কোন অধিকারে বহিষ্কার করে?’
বহিষ্কারের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ একই রকম কথা বলেন। তাঁরা বলেন, পূর্ণাঙ্গ কমিটি না থাকায় কাউকে বহিষ্কারের এখতিয়ার জেলা কমিটির নেই।