নড়াইলে পাম চাষ করে বিপাকে দুই কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলায় পাম চাষ করে বিপাকে পড়েছেন দুই কৃষক। একটি বেসরকারি সংস্থার পরামর্শে পাম চাষ করে এখন কীভাবে বিক্রি বা তেল তৈরি করবেন, তার নির্দেশনা পাচ্ছেন না। ফলে হতাশ হয়ে পড়েছেন তাঁরা।
সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামের সাইদুর রহমান বলেন, ২০০৮ সালে গ্রিন এগ্রো কোম্পানি নামে একটি বেসরকারি সংস্থার কর্মকর্তারা তাঁদের বুঝিয়েছিলেন, মালয়েশিয়ায় পাম চাষ করে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। তাঁরাও পাম চাষ করে লাভবান হতে পারবেন। এ কথা শুনে তিনি প্রতিটি ৩২০ টাকা দরে পামগাছের ৮৫টি চারা কেনেন এবং ৫৭ শতাংশ জমির ওপর তা রোপণ করেন। এ পর্যন্ত তাঁর সার, কীটনাশক প্রয়োগ ও পরিচর্যায় লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে।
সাইদুর বলেন, গ্রিন এগ্রো কোম্পানির কর্মকর্তারা বলেছিলেন তাঁরাই (গ্রিন এগ্রো) এসব ফল ভালো দামে কিনে নেবেন। কিন্তু এখন সংস্থাটি লাপাত্তা। দুই বছর আগে থেকে গাছে ফল ধরতে শুরু করেছে। কিন্তু এখন ফলগুলো কোথায় এবং কাদের কাছে তা বিক্রি করবেন অথবা কীভাবে তেল তৈরি করবেন, তা বুঝতে পারছেন না। ফলে তিনি হতাশ হয়ে গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে কয়েকটি গাছ কেটেও ফেলেছেন।
সাইদুর আরও বলেন, মাস খানেক আগে এই ফল শুকিয়ে গেলে ঘানিতে তেল ভাঙান। কিন্তু তা খেতে খুব একটা ভালো লাগছে না। এ ব্যাপারে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা গাছগুলো কেটে ফেলার পরামর্শ দেন। কয়েকটি গাছ কাটার পর স্থানীয়দের পরামর্শে আপাতত আর গাছ কাটছেন না তিনি।
সাইদুরের দেখাদেখি তাঁর প্রতিবেশী হাবিবুর রহমানও ১০টি পামগাছ লাগিয়েছেন। সেগুলোতে আগামী বছর ফল ধরতে পারে। তিনিও এসব নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
স্থানীয় কৃষক রেজাউল ইসলাম বলেন, তিনি এক একর জমিতে পাম চাষ করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু ফল থেকে কীভাবে তেল বের করবেন, সেই পদ্ধতি না জানায় তিনি আর চারা কেনেননি।
এ ব্যাপারে নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমিনুল হক বলেন, ‘নড়াইলে পাম চাষ হচ্ছে ও গ্রিন এগ্রো কোম্পানি নামে একটি বেসরকারি সংস্থা এখানে কাজ করেছে—এমন কোনো তথ্য আমাদের জানা নেই। আমি নড়াইলের পামচাষির সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার চেষ্টা করব।’