নড়াইলে বজ্রপাতে চারজনের মৃত্যু
নড়াইলের বিভিন্ন উপজেলায় গত রোববার কালবৈশাখীর সময় বজ্রপাতে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন নড়াইল পৌর এলাকার ভওয়াখালী গ্রামের আক্কাস জমাদ্দার (২৮), লোহাগড়া উপজেলার সরশুনা গ্রামের আবু বক্কার শেখ (২০), সদর উপজেলার আড়পাড়া গ্রামের মানিক বিশ্বাস (৬৫) ও কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের আকরাম মোল্যা (৪০)।
আহত হয়েছেন সদর উপজেলার সিঙ্গাশোলপুর গ্রামের আক্কাস মোল্যা ও তাঁর স্ত্রী শিপা বেগম, মির্জাপুর গ্রামের রাসেল মোল্যা ও শাহেদ শেখ এবং কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের তক্কেল সরদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ছয়টার দিকে কালবৈশাখী শুরু হয়। ২৫ মিনিট স্থায়ী ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় শতাধিক ঘর, মৌসুমি ফলসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় গোটা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।