নড়াইলে বাল্যবিয়ের আসর থেকে কনের বাবাসহ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহের আসর থেকে মেয়ের বাবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি উপজেলার সরসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে সরসপুর গ্রামের নাসির উদ্দীন মোল্যার মেয়ে নাসরিন খানমের (১২) সঙ্গে একই গ্রামের কাকা মোল্যার ছেলে রাসেল মোল্যার (২৫) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ওই দিন রাতে বরের ভাইসহ ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মেয়ের বাবা নাসির উদ্দীন, বরের বড় ভাই কাইয়ুম মোল্যা, বরের তিন ভগ্নিপতি বাচ্চু বিশ্বাস, সোহেল মোল্যা, রাসেল মৃধা এবং বরের খালু কাবুল মোল্যা।
এ সময় বর রাসেল মোল্যা (২৫) পালিয়ে যান। এ ঘটনায় নড়াগাতি থানায় মামলা দায়েরের পর গতকাল শুক্রবার ওই ছয়জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, আসামিদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইনে মামলা দায়েরের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।