নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রতিবাদে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়া বাজারের চাল ব্যবসায়ী ভবতোষ ভৌমিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বুধবার ওই বাজারে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালিত হয়েছে।
বড়দিয়া বাজারের ব্যবসায়ী আমজাদ আলী জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাজারে ভবতোষ ভৌমিকের দোকান থেকে মঙ্গলপুর গ্রামের মোসলেম মোল্লার ছেলে ধলা মোল্লা (২৪) বাকিতে ২০ কেজি চাল কিনে নিতে চান। কিন্তু বাকিতে দিতে না চাওয়ায় ধলা মোল্লা ক্ষুব্ধ হন এবং তাঁর সঙ্গে থাকা চার-পাঁচজন সন্ত্রাসী মিলে ওই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে বড়দিয়া নৌবন্দরবাজার বণিক সমিতি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করে।
বড়দিয়া বণিক সমিতির সভাপতি খান আবদুল মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জগদীশ সরকার, সদস্য তুষার ভৌমিক, আমজাদ আলী, শেখ হাশিকুল আলম প্রমুখ।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইলি বলেন, এ ব্যাপারে গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।