নড়াইলে ভাতা পাচ্ছে না ৫৩ মুক্তিযোদ্ধা পরিবার
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডারের অভিযোগের কারণে নড়াইলের কালিয়ায় ৫৩ জন মুক্তিযোদ্ধা নভেম্বর মাসের ভাতা তুলতে পারেননি। এতে মুক্তিযোদ্ধা পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে।
সাংগঠনিক কমান্ডার শেখ আবদুল মান্নান বলেন, ওই ৫৩ জন ভুয়া মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন ধরে তাঁরা মুক্তিযোদ্ধা সেজে সরকারি ভাতার টাকা তুলছেন। এ জন্য তিনি তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শেখ আবদুল মান্নান কালিয়া উপজেলার ৫৩ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম-ঠিকানা উল্লেখ করে গত ১২ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বরাবরে লিখিত অভিযোগ দেন। ২৫ অক্টোবর সংশ্লিষ্ট মন্ত্রীর সই করা একটি চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে আসে। ১১ নভেম্বর ইউএনওর কার্যালয় থেকে ওই চিঠি গ্রহণ করা হয়। অভিযোগ উঠেছে, ইউএনও মন্ত্রীর সই ও চিঠির স্মারক নম্বর পরীক্ষা না করেই ওই ৫৩ জন মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেওয়ার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসিত সাহাকে নির্দেশ দেন। অসিত সাহা বলেন, ইউএনওর নির্দেশে ওই মুক্তিযোদ্ধাদের ভাতা আটকে রাখা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. তরিকুল ইসলাম বলেন, এ রকম একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ব্যাপারে আলাদাভাবে নির্দেশনামূলক চিঠি না দিয়ে মন্ত্রী কেন একজনের অভিযোগের ওপর ভিত্তি করে ভাতা বন্ধের নির্দেশনা দেবেন, তা নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মনে প্রশ্ন উঠেছে। তিনি দাবি করেন, মন্ত্রীর স্বাক্ষরের সঙ্গে চিঠির স্বাক্ষরের মিল নেই। ইউএনও ও সমাজসেবা কর্মকর্তা অতি উৎসাহী হয়ে ভাতা বন্ধ করে মুক্তিযোদ্ধাদের অনিশ্চতায় ফেলেছেন।
ইউএনও মো. শাহীন হোসেন বলেন, ‘আমি নিজে মন্ত্রী মহোদয়ের পিএসের সঙ্গে কথা বলেছি। তিনি চিঠির সত্যতা নিশ্চিত করে বলেছেন, অভিযুক্তদের ভাতা বন্ধ রেখে তদন্ত প্রতিবেদন পাঠাতে।’