নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে গত মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত তরুণের নাম জিহাদ হাসান (১৯)। তিনি লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ত্রোই লক্ষপাড়া গ্রামের মো. কিসমত মোল্লার ছেলে।
পুলিশের হাবিলদার পদে চাকরি পেতে ১৭ ফেব্রুয়ারি সকালে জিহাদ নড়াইল শহরে যান। সঙ্গে যান তাঁর চাচা মো. মঈনুল ইসলাম। সেখানে জিহাদ বিভিন্ন পরীক্ষা দেন। রাত ১১টার দিকে চাচার সঙ্গে মোটরসাইকেলে করে তিনি রওনা দেন বাড়ির উদ্দেশে। মোটরসাইকেলটি তাঁর চাচা চালাচ্ছিলেন। নড়াইল শহর থেকে ছয় কিলোমিটার দূরে মালিরবাগ মোড়ে পৌঁছালে রাত সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী একটি বাস তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন জিহাদ। গুরুতর আহত হন মঈনুল ইসলাম। তাঁকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার নিহত জিহাদের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান বলেন, খবর শুনে পুলিশ দ্রুত ঘটনা স্থলে যায়। তবে বাসটিকে আটক করা গেলেও বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
গতকাল জিহাদের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হলে তঁার বাবা মো. কিসমত মোল্লা বারবার মূর্ছা যান। আর তাঁর মায়ের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।
নিহত জিহাদের বাবা কান্নায় ভেঙে পড়ে বলেন, অনেক স্বপ্ন ছিল ছেলে চাকরি পেয়ে সংসারের হাল ধরবে। সেই স্বপ্ন আর পূরণ হলো না।