নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে সাত দিনব্যাপী সুলতান মেলা গতকাল শুক্রবার শুরু হয়েছে। সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন এ মেলার আয়োজন করছে।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, সাইক্লিং ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, ভলিবল প্রতিযোগিতা, হা-ডু-ডু, কুস্তি, ঘোড়ার গাড়ির দৌড়, আলোচনা সভা, সুলতান পদক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
গতকাল বিকেলে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
প্রধান অতিথির ভাষণে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কৃষকদের নিয়ে যেমন ভাবতেন, তেমনি শিল্পী সুলতানের তুলির আঁচড়েও কৃষকদের ছবি ফুটে উঠত। শত দুঃখকষ্টের মধ্যে থেকেও এই মানুষটি তাঁর চিত্রকর্মের মধ্য দিয়ে দেশকে বহির্বিশ্বে পরিচিতি ঘটিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক সুবাস বোস, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস প্রমুখ।