নড়াইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় গত শনিবার রাতে সাপের কামড়ে স্কুলছাত্রী অন্তরা বিশ্বাসের (১১) মৃত্যু হয়েছে। অন্তরা উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর গ্রামের বিধান বিশ্বাসের মেয়ে। সে শিয়রবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
অন্তরার পরিবারের অভিযোগ, নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পাওয়ায় অন্তরার মৃত্যু হয়েছে।
অন্তরার বাবা বিধান বিশ্বাস বলেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অন্তরা রান্নার জন্য তেজপাতা আনতে বসতঘরের মাচায় হাত দেয়। এ সময় তার ডান হাতের আঙুলে সাপে কামড় দেয়। অবস্থার অবনতি হলে তাকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
অন্তরার চাচা নিত্য বিশ্বাস অভিযোগ করেন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে চিকিৎসা না দিয়েই নড়াইল সদর হাসপাতালে নিতে বলেন।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসকেরাও চিকিৎসা না দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। এভাবে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়। লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শেখ ওবায়দুল বলেন, রোগীর অবস্থা খারাপ দেখে তাকে নড়াইল সদর হাসপাতালে নিতে বলা হয়েছিল।
নড়াইলের সিভিল সার্জন সুব্রত কুমার সাহা বলেন, মূলত জেলা ও উপজেলা সদর হাসপাতালে সাপের কামড়ের চিকিৎসার জন্য কোনো ‘অ্যান্টি ভেনাম’ নেই। এ ছাড়া কোন সাপ কামড়িয়েছে, তা জেনে সে শ্রেণির ‘অ্যান্টি ভেনাম’ প্রয়োগ করতে হয়। এর বিশেষজ্ঞ চিকিৎসকও এসব হাসপাতালে নেই। তাই চিকিৎসা দেওয়া সম্ভব হয় না।