নড়াইলে সুলতান উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের দিনবদলের অনুপ্রেরণা’ স্লোগান সামনে রেখে গতকাল বৃহস্পতিবার নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু হয়েছে।
শিল্পী এস এম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এস এম সুলতান ফাউন্ডেশন এবং এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে। উৎসবের প্রথম দিনে গতকাল বেলা আড়াইটায় চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার অশোক কুমার বিশ্বাস প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মুঠোফোন কোম্পানি বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মহিলাবাইচসহ ১৫টি নৌকা প্রতিযোগিতায় নেয়। বিকেলে বাঁধাঘাট চত্বরে নৌকাবাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) হাওলাদার মো. রকিবুল বারী।
বক্তৃতা করেন যুগ্ম সচিব এ টি এম মহিউদ্দীন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) বি এম নুরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবির, পৌর মেয়র জুলফিকার আলী, বাংলালিংকের খুলনা অঞ্চলের কর্মকর্তা মো. বাবুল হক, বাংলাদেশ রোয়িং ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব ও সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান।
শিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় চিত্রা পাড়ে জন্মগ্রহণ ও ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।