নড়াইলে সুলতান উৎসব সমাপ্ত
নারী ও পুরুষ দলের নৌকাবাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে গতকাল শনিবার নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব সমাপ্ত হয়েছে। সকালে সাঁতার এবং বেলা দুইটায় চিত্রা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচের উদ্বোধন করেন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার। পরে বাঁধাঘাট চত্বরে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক সুবাস বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল ইসলাম, সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান প্রমুখ।
প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে নদীর দুই তীরে দাঁড়িয়ে হাজারো মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করে। প্রতিযোগিতায় পুরুষদের ১৭টি এবং নারীদের তিনটি নৌকা অংশ নেয়। সন্ধ্যায় সুলতান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মারা যান।