কবি মাইকেল মধুসূদন দত্তের ১৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার থেকে যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। সন্ধ্যায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এদিকে গতকাল বৃহস্পতিবার নড়াইলে সাত দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়। গতকাল বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
এ বছর মধুমেলার প্রধান দাবি সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্যসচিব খসরু পারভেজ বলেন, ‘মধুসূদনের স্মৃতি রক্ষার্থে তাঁর জন্মভূমিতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি আমরা জানিয়ে আসছি। বিশেষ করে মধুকবির সাহিত্যভান্ডার নিয়ে ব্যাপক গবেষণার প্রয়োজন রয়েছে। সে কারণে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।’
মধুমেলার সদস্যসচিব ও কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির জানান, প্রতিবছর ২৫ জানুয়ারি থেকে মেলা শুরু হলেও এ বছর এসএসসি পরীক্ষার কারণে দুই দিন আগেই শুরু হচ্ছে।
নড়াইলে সুলতান মেলা উপলক্ষে সুলতান মঞ্চে জেলা প্রশাসক আ. গাফফার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, ইকবাল হোসেন সিকদার, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। স্বাগত বক্তব্য দেন সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, শিল্পী সুলতানের তুলির আঁচড়ে পেশিবহুল সুস্থ-সবল কৃষক-মজুর, খেটে খাওয়া মানুষের ছবি ফুটে উঠত। তাঁর মতো করে কাউকেই ছবি আঁকতে দেখি না। জাতি তাঁর কর্মের প্রতি আমৃত্যু গভীর শ্রদ্ধা জানাবে।
সন্ধ্যায় সুলতান মঞ্চে শিল্পকলা একাডেমী, লোহাগড়া রবিনন্দন, ছায়ানট ললিতকলা এবং কুষ্টিয়া লালন শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে।