নড়াইলে সুলতান মেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে আজ বৃহস্পতিবার থেকে সাত দিনব্যাপী সুলতান মেলা শুরু হচ্ছে। চিত্রশিল্পী এস এম সুলতানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান ফাউন্ডেশন ও সুলতান মেলা উদ্যাপন পর্ষদ যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
‘মাটি ও মানুষের’ চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে জন্ম নেন। ওই তারিখেই উৎসব পালিত হয়ে এলেও বর্ষার কারণে ২০০৩ সাল থেকে মেলার সময় পরিবর্তন করা হয়।
মেলার আয়োজনের মধ্যে থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আরও থাকবে হা-ডু-ডু, ভলিবল, সাইকেলিং, কুস্তি, ষাঁড়ের লড়াই, লাঠি খেলাসহ নানা খেলার আয়োজন।
সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান জানান, মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলায় এবার ১১ লাখ ৭৮ হাজার টাকা বাজেট ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী মেলার উদ্বোধন করবেন।