নড়াইলে সেতু ভেঙে যাওয়ায় ৫০ হাজার মানুষের ভোগান্তি
নড়াইলে বুড়ি ভৈরব নদের ওপর নির্মিত কাঠ ও বাঁশের সেতুটি ভেঙে গেছে। দীর্ঘদিনেও সেতুটি সংস্কার না করায় নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আটটি এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের আটটি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে৷
শেখহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম রেজা ওরফে মাসুম গাজী বলেন, এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ নদী পারাপারে দুর্ভোগের শিকার হচ্ছিলেন। শেখহাটি এলাকার অনেক শ্রমিককে পাশের যশোর, নওয়াপাড়া ও বসুন্দিয়া এলাকায় শিল্প-কারখানায় কাজ করে অনেক রাতে বাড়ি ফিরতে আফরা এলাকায় নৌকার অপেক্ষায় থাকতে হতো।
এলাকাবাসীর কষ্টের কথা ভেবে সরকারি বিভিন্ন দপ্তরে অনেক দেনদরবার করেও ব্যর্থ হয়ে অবশেষে গত বছর নিজের প্রায় দেড় লাখ টাকায় ইউনিয়নের আফরা এলাকায় বুড়ি ভৈরব নদীর ওপরকাঠ ও বাঁশ দিয়ে ১০০ ফুট দীর্ঘ ও ২০ ফুট প্রশস্ত একটি সেতু নির্মাণ করা হয়।
সেতুর ওপর দিয়ে লোক ছাড়াও নিয়ন্ত্রণহীনভাবে মালবোঝাই ভ্যান-ঠেলাগািড় চলাচলের কারণে ইতিমধ্যে কাঠ ও বাঁশগুলো ভেঙে গেছে৷ ফলে আবার মানুষের দুর্ভোগ শুরু হয়েছে৷
আফরা গ্রামের আবদুল মান্নান বলেন, সেতুর ওপর দিয়ে এই এলাকার কৃষকেরা বিভিন্ন কৃষিপণ্য আনা-নেওয়া করতেন, স্কুল-কলেজের ছেলেমেয়েসহ অনেক মানুষ আসা-যাওয়া করত। সেতুটি নড়াইল ও যশোরের মানুষের মধ্যে মেলবন্ধনহিসেবে কাজ করত।
বসুন্দিয়া বাজারের ব্যবসায়ী সাধন কুমার বলেন, ‘প্রয়োজনে আমরা খুব অল্প সময়ে নড়াইলের মান্দিয়া, গুয়োখোলা, হাতিয়ারা, বাকলি, মালিয়াট, তুলারামপুর, বাকড়ী ও ঘোড়ানাছ এলাকার কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য কিনে আনতাম। ওই এলাকার মানুষও আমাদের বাজারে কেনাবেচা করতে আসত। এ ছাড়া খুব কম সময়ে ওই এলাকার মানুষ এই পথ দিয়ে যশোর, নওয়াপাড়া, খুলনাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারত।’
জানতে চাইলে এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোতালেব বিশ্বাস প্রথম আলোকে বলেন, শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে বুড়ি ভৈরব নদীর ওপর একটি ফুটওভার ব্রিজ (সেতু) নির্মাণের প্রকল্প ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া
গেলে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যাবে।