নড়াইলে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সরদার আলমগীর হোসেনের দুজন কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। গত রোববার রাতে পৌরসভার ভাদুলিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফজলু রহমান ও সাইফুর রহমানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ভওয়াখালী এলাকার ফজলু রহমান বলেন, ‘রোববার রাত সাড়ে নয়টার দিকে স্বতন্ত্র প্রার্থী সরদার আলমগীর হোসেনের পক্ষে আমরা ছয়জন ভাদুলিডাঙ্গা এলাকায় ভোট চাইতে যাই। এ সময় ২০ থেকে ২৫ জন লোক ১২টি মোটরসাইকেলে করে এসে আমাদের হাতুড়ি দিয়ে পেটাতে থাকেন। অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও আমি ও সাইফুর পড়ে যাই। পরে তাঁরা আমাদের দুজনকে পিটিয়ে গুরুতর জখম করেন। হামলাকারীদের প্রত্যেকের মুখ মাফলার দিয়ে প্যাঁচানো ছিল।’
ওই হাসপাতালের চিকিৎসক মো. মশিউর রহমান বলেন, দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের অবস্থা গুরুতর।
নির্বাচনে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে সরদার আলমগীর হোসেন বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা আমার কর্মীদের গণসংযোগ করতে বাধা দিচ্ছেন। তাঁরা আমার কর্মীদের হাতুড়িপেটা করেছেন।’ আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর হোসেন অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করতে যা কিছু প্রয়োজন তা করা হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।